কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সজিবুল ইসলাম পুলিশের শটগান ছিনিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের লক্ষ্য করে গুলি চালান।সংঘর্ষের সময় উভয় পক্ষে গুলিবিনিময় হয়। এ সময় দুই সাংবাদিকসহ উভয় ছাত্রসংগঠনের কমপক্ষে ৪০ জন নেতা-কর্মী আহত হন। বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স ও চারটি বাস ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুকসহ নয়জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের একজন শটগান কেড়ে নিলেও পরে ফেরত দেন। পরিস্থিতি শান্ত করতে সংঘর্ষের সময় কয়েকটি ফাঁকা গুলি চালায় পুলিশ।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ছাত্রদল নেতা-কর্মীরা মিছিল বের করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে তাঁরা সমাবেশ করে চলে যান।বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রদল নেতা-কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে দিয়ে আইন অনুষদের দিকে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার সভাপতি সাইফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটকে ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া চলতে থাকে।এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালান। এতে সাংবাদিক এস এম রনি, আবদুল কাদেরসহ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত হন। ওই দুই সাংবাদিকসহ তিন ছাত্র অসুস্থ এক ছাত্রীকে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাচ্ছিলেন।বেলা একটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে প্রশাসন ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। বিশ্ববিদ্যালয়ের চারটি বাসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় উভয় পক্ষে কমপক্ষে চারটি গুলিবিনিময় হয়। ছাত্রলীগ নেতা সজিব পুলিশের একটি শটগান ছিনিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। এসব ঘটনায় ছাত্রলীগের ২০ জন ও ছাত্রদলের ১৬ জন নেতা-কর্মী আহত হন। তাঁরা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র, কুষ্টিয়া ও ঝিনাইদহের সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।ছাত্রদলের নয় নেতা-কর্মী গ্রেপ্তার: সংঘর্ষের একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক কোয়ার্টার ডরমিটরিতে আশ্রয় নেন। পুলিশ ডরমিটরিতে ঢুকে ছাত্রদলের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এঁরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সহ-ক্রীড়া সম্পাদক মো. আরিফ, কর্মী মনির, মাহতাব, আনিস, মনিরুল, শাহনুর, নজরুল ইসলাম ও বোরহান।বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) মনোজিৎ কুমার বলেন, ছাত্রদলের আটক নেতা-কর্মীদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।নেতাদের বক্তব্য: বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। আমরা তা প্রতিরোধের চেষ্টা করেছি। ছাত্রলীগের নেতা-কর্মীরা যানবাহন ভাঙচুরের সঙ্গে জড়িত।’ তিনি অবিলম্বে ছাত্রদলের সভাপতিসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি করেন।তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন বলেন, ছাত্রলীগের শান্তিপূর্ণ অবস্থানে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালালে সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করতে ছাত্রদল এ ঘটনা ঘটিয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।