বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের মিছিল করাকে কেন্দ্র করে আজ রোববার ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিদের রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, মতিহার থানা ও ক্যাম্পাসের বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৩ মার্চ ছাত্রলীগ, ছাত্রশিবির ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ছাত্রশিবিরের তত্কালীন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী নিহত হন। ওই ঘটনার পর সিন্ডিকেটের মাধ্যমে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়, যা এখনও বহাল। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ঢাকায় নিহত সিরাজগঞ্জের উল্লাপাড়ার ছাত্রদলের নেতা নাজির উদ্দিন জিহাদের মৃত্যুদিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আজ বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করার উদ্যোগ নেয়। নিষেধাজ্ঞা ও অনুমতি না থাকায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা ছাত্রদলের নেতা-কর্মীদের মিছিল থেকে বিরত রাখতে চেষ্টা করেন। একপর্যায়ে কেন্দ্রীয় ছাত্রদলের ৩০-৩৫ জন নেতা-কর্মী ব্যানার নিয়ে পুরোনো ফোকলোর চত্বর থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে মিছিল বের করেন। এ সময় তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রলীগের ২৫-৩০ জন নেতা-কর্মী ছাত্রদলের বিরুদ্ধে পাল্টা স্লোগান দেন। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ওই আটজন আহত হন।ঘটনার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং যেকোনো মূল্যে ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণা দেয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।