ছাত্রলীগ-ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতো ছাত্রসংগঠনগুলোর নেতারাও নেমেছেন দল-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণায়। ১৪ দল-সমর্থিত মেয়র পতপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পক্ষে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল নগরের বিভিন্ন স্থানে গণসংযোগ করে। কেন্দ্রীয় প্রতিনিধিদলের সঙ্গে জেলা ও নগর ছাত্রলীগের নেতা-কর্মীরাও ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি নাঈম হাসান জানান, দলটি নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বিকেলে দরগাহ এলাকায় দোয়া মাহফিলে একাত্ম হন নেতা-কর্মীরা। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ওই দোয়া মাহফিল হয়। ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে নগরে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ওমর ফারুক ও ওবায়দুল হকের নেতৃত্বে একটি দল গণসংযোগ করে। এ সময় নগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গণি আরেফিন, সুনামগঞ্জ ছাত্রদলের সভাপতি নূরুল ইসলামসহ স্থানীয় নেতারা ছিলেন। ছাত্রদলের নেতারা ‘পরিবর্তনের ডাক’ দিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধেও জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।