ছাত্রলীগ-ছাত্রশিবির পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কারমাইকেল কলেজে আজ সোমবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ২৫ জন আহত হয়েছেন। কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।আহতদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, আজ থেকে কলেজে বিভিন্ন বিভাগে সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মিছিলের কর্মসূচি ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ একটি মিছিল বের করে। আর দুপুর ১২টার দিকে ছাত্রশিবির একটি মিছিল বের করতে গেলে পুলিশ এতে বাধা দেয়।এ সময় ছাত্রলীগের মিছিল থেকে শিবিরের মিছিলে ইট নিক্ষেপ করা হয় বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানায়। ফলে দুই সংগঠনের মধ্যে আধা ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ২৫ জন আহত হন। ঘটনার একপর্যায়ে ছাত্রলীগ ধাওয়া করে ছাত্রশিবিরকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।ছাত্রশিবির কলেজ শাখার সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ বলেন, তাঁরা শান্তিপূর্ণ মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে কয়েকজন শিবিরের কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।এদিকে ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্লাহ খান পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর শিবির হামলা চালানোর চেষ্টা করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার বলেন, পরিস্থিতি উত্তেজনাকর হওয়ায় পুলিশের পক্ষ থেকে ছাত্রশিবিরকে একটু দেরিতে মিছিল করার জন্য বলা হয়। তাদের বাধা দেওয়া হয়নি।কলেজ অধ্যক্ষ আবদুল ওয়াদুদ বলেন, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।