রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ দুজন হলেন: জাহাঙ্গীর ও শরীফুল। তাঁদের পরিচয় জানা যায়নি। পুলিশ তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করেছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি আখেরুজ্জামান তাকিম ও ভাষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নবিউল ইসলাম। নবিউল ইসলামের বাঁ পা কুপিয়ে জখম করা হয়েছে এবং আখেরুজ্জামান তাকিম হাত ও মাথায় আঘাত পেয়েছেন। তাঁদেরও রামেকে ভর্তি করা হয়েছে। অন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে চিকিত্সা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমা হন। অন্যদিকে ছাত্রলীগ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে জড়ো হয়। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন ভাগে গ্রন্থাগারের দিকে যেতে থাকলে শিবিরকর্মীরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ছাত্রশিবির ছত্রভঙ্গ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও বিজ্ঞান ভবনের দিক দিয়ে বেরিয়ে যায়। এ সময় ক্যাম্পাসের ভেতরে ও প্রধান ফটকের সামনে প্রায় অর্ধশত গুলির শব্দ শোনা যায়। শিবিরের কয়েকজন কর্মী গ্রন্থাগারের ভেতরে আশ্রয় নিলে ছাত্রলীগের কর্মীরা সেখানে ঢুকে তাঁদের মারধর করেন।একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা শিবিরকর্মীদের ধাওয়া করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় ৩০ মিনিট ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে ঢুকে প্রশাসন ভবনের সামনে রাখা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ভাঙচুর করেন। এরপর তাঁরা উপাচার্যের বাসভবনে হামলা চালান ও ভাঙচুর করেন। সংঘর্ষ চলাকালে আরও আহত হন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নৃবিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র সৌরভ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন, এস এম হলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, শিবিরকর্মী আইন ও বিচার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোবারক হোসেন, ইসলামিক স্টাডিজের চতুর্থ বর্ষের ছাত্র ইব্রাহিম হোসেন, সমাজবিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র জহিরুল হক ও ইসলামের ইতিহাসের দ্বিতীয় বর্ষের ছাত্র আল আমিন। অন্যদের পরিচয় জানা যায়নি। ছাত্রলীগের সভাপতি আহমদ আলী দাবি করেছেন, ছাত্রশিবির ক্যাম্পাসে তাদের দখলদারি পুনঃপ্রতিষ্ঠা করতে ছাত্রলীগের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, তারা ক্যাম্পাসে ফারুক হত্যার মতো নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা ছাত্রলীগের ওপর গুলি চালিয়েছে। তিনি দাবি করেন, শিবিরের হামলায় ছাত্রলীগের নেতা আখেরুজ্জামান, তৌহিদ আল তুহিন ও নিপুন গুলিবিদ্ধ হয়েছেন। ছাত্রশিবিরের সভাপতির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন ব্যস্ত পাওয়া যায়।