ছাত্রলীগ নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্ষ দখল ও পূর্বশত্রুতার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে তিনটি মারামারির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন ছাত্র আহত হয়েছেন। শহীদুল্লাহ হল, জগন্নাথ হল ও পলাশীর মোড়ে এসব ঘটনা ঘটে।শহীদুল্লাহ হল: হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কক্ষ দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত একটার দিকে ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ সরকার ও বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক মুক্তাদিউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় চারজন ছাত্র আহত হন। তাঁরা হলেন, ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের মো. মোমিনুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের তুহিনুর রহমান, ভূগোল বিভাগের শাহীন আহমেদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের আবদুল্লাহ আল নোমান। তাঁরা সবাই দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন।ছাত্ররা জানান, ২১০৭ ও ২১১৫ নম্বর কক্ষে অবস্থান করছেন ধারণক্ষমতার দু-তিন গুণ ছাত্র। বৃহস্পতিবার রাতে মুক্তাদিউর কক্ষ দুটিতে আরও ১০-১৫ জন নতুন ছাত্রকে তুলে দিতে যান। তখন কক্ষে অবস্থানকারী হেদায়েতের অনুসারীরা এর বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কী কারণে সংঘর্ষ বেধেছিল, তা এখনো জানা যায়নি। তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’জগন্নাথ হল: বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্রলীগের কর্মী উৎপল সাহার ছোট ভাই উদয় সাহাকে বৃহস্পতিবার রাতে মারধর করেন একই হলের ছাত্রলীগের কর্মী প্রণব দাস গুপ্তের সমর্থকেরা। এরপর দুই পক্ষের কর্মীদের মধ্যে ঘণ্টাব্যাপী উত্তেজনা চলে। পরে শাহবাগ থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এসে পরিস্থিতি শান্ত করে।এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অজয় কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘হলে ছাত্রলীগের কোনো কমিটি নেই, তাই সবাই নেতা। সে জন্য প্রায়ই ছোটখাটো ঘটনা নিয়ে ওদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আবার নিজেরাই শান্ত হয়ে যায়।’পলাশী মোড়: এদিকে মধ্যরাতে জগন্নাথ হল ছাত্রলীগের নেতা পিনাকি রঞ্জন দাসের পাঁচ-ছয়জন অনুসারী পলাশীর মোড়ে যান। সেখান থকে ফেরার পথে পূর্বশত্রুতার জের ধরে পার্শ্ববর্তী জহুরুল হক হল শাখার ছাত্রলীগের সভাপতি রিয়াজউদ্দীন চৌধুরীর সমর্থকেরা ধাওয়া করেন। এ সময় ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র প্রসূন আহত হন। প্রসূন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন বলে জানা গেছে।কয়েক দিন ধরেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছেন। কিন্তু এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটিকে কোনো পদেক্ষপ নিতে দেখা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা প্রতিটি ঘটনার সঙ্গেই প্রথম বর্ষের ছাত্ররা জড়িত বলে দাবি করেন। তিনি বলেন, এসব ঘটনায় ছাত্রলীগের কর্মীরা জড়িত আছেন কি না, তা নিয়েই সন্দেহ রয়েছে।