ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম নিখোঁজ হওয়ার পর চার দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল শুক্রবার রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে শেরেবাংলা নগর থানা পুলিশ দুজনকে আটক করেছে। তাঁরা হলেন মো. জুয়েল ও মো. রানা। আটক দুজনকে আজ শনিবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ। এদিকে সাইফুলকে উদ্ধারের দাবিতে মহাসড়ক অবরোধসহ নেতা-কর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আগামী সোমবারের মধ্যে নিখোঁজ ছাত্রলীগের নেতা সাইফুল ইসলামকে উদ্ধার করা না হলে আগামী মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছেন নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা তিনটায় বঙ্গবন্ধু হলের অতিথিকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, ‘আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি। পরে ৫৪ ধারায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের উদ্ধারের দাবিতে আজ বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়কের উভয় পাশে গাছের গুঁড়ি ফেলে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ রাখেন তাঁরা। পরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করে অবরোধ তুলে নেন নেতা-কর্মীরা। এই সময়ের মধ্যে সাইফুলকে উদ্ধার করা না হলে ২৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ও আগামী মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করার ঘোষণা দিয়েছেন তাঁরা। সাইফুল ইসলাম গত সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকায় আসেন। এর পরদিন মঙ্গলবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ। তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে।