ছাত্রলীগ নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি, চারঘাট পৌরসভার কাউন্সিলরসহ ছয়জনকে আটক করেছে র‌্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যা ব)। তাঁদের বিরুদ্ধে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে একজন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের নেতাকে আটকের প্রতিবাদে চারঘাট-রাজশাহী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির কর্মীরা। গতকাল বুধবার রাত নয়টার দিকে পুলিশ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে অবরোধকারীরা গাড়ি ভাঙচুর শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।আটক ব্যক্তিরা হলেন: চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক (৩৮), চারঘাট পৌরসভার কাউন্সিলর বুলবুল আহমেদ (২৯) ও তাঁর ভাই টিটন হোসেন (১৯) এবং তাঁদের সহযোগী মতিউর রহমান (২১), জাহাঙ্গীর আলম (২৮) ও মাসুদ রানা (২২)। তাঁদের সবার বাড়ি উপজেলার মেরামতপুর গ্রামে।র‌্যা ব সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলার বিনোদপুর গ্রামের হাসান আলীর (১৯) বাবা আমের ব্যবসা করেন। বাবার সঙ্গে হাসানও ব্যবসা দেখাশোনা করেন। মঙ্গলবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিরা হাসানকে তাঁর বাড়ির সামনে থেকে ডেকে এনে মোটরসাইকেলে করে চারঘাটে নিয়ে যান। তারা হাসানকে পৌর কাউন্সিলর বুলবুলের বাড়িতে আটকে রেখে মুঠোফোনে তাঁর বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে হাসানকে তাদের সহযোগী সিরাজুলের বাড়িতে স্থানান্তর করা হয়।র‌্যা বের দাবি, হাসানের বাবা একরাম মণ্ডল বিষয়টি র‌্যা বকে জানান। বিকেলে র‌্যা বের সদস্যরা মেরামতপুর গ্রামের ব্র্যাক অফিসের পাশে মুক্তিপণ দেওয়ার নাম করে ফাঁদ পাতেন। বুলবুল, টিটন, একরামুল, জাহাঙ্গীর ও মতিউর মুক্তিপণের টাকা নিতে এলে তাঁদের হাতেনাতে আটক করা হয়। পরে বুলবুলের স্বীকারোক্তি অনুযায়ী সিরাজুলের বাড়ি থেকে হাসানকে উদ্ধার এবং সিরাজুলকেও আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ছাত্রলীগের নেতা একরামুলকে আটকের প্রতিবাদে বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা চারঘাট-রাজশাহী সড়ক অবরোধ করেন। পরে তাঁদের সঙ্গে যোগ দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। র‌্যা বের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এইচ এম আনোয়ার আলী বলেন, র‌্যা ব অভিযান চালিয়ে হাসান আলীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। রাজশাহীর পুলিশ সুপার তৌফিক মাহবুব চৌধুরী বলেন, ‘আটক ব্যক্তিদের র‌্যা বের কাছ থেকে নিয়ে বাঘা থানায় হস্তান্তরের চেষ্টা চলছে। এটা হলে তাঁরা (বিক্ষোভকারীরা) হয়তো শান্ত হবে।’