ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজকে গতকাল শনিবার নগরের মেহেদিবাগ এলাকায় কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় তিনি সিএনজি অটোরিকশায় করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন।সোহেল শিক্ষানবিশ চিকিৎসক। তাঁর ওপর হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে শিক্ষানবিশ চিকিৎসকেরা ধর্মঘটের ডাক দিয়েছেন। ফলে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এ ছাড়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্র সংসদ সকালে প্রবর্তক মোড় এলাকায় সড়ক অবরোধ করে। তারা হাসপাতালের জরুরি বিভাগের ফটক ছাড়া সব ফটক বন্ধ করে দেয়। ধর্মঘটের কারণে হাসপাতালে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের সভাপতি দেবাশীষ চক্রবর্ত্তী জানান, সোহেল শনিবার সকালে সিলেট থেকে চট্টগ্রাম ফিরছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসক ছিলেন। চারটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী নগরের মেহেদিবাগ ন্যাশনাল হাসপাতালের সামনে তাঁদের বহনকারী অটোরিকশার গতিরোধ করে। তারা অটোরিকশা থেকে সোহেলকে নামিয়ে কুপিয়ে জখম করে। হামলাকারীরা ছাত্রশিবিরের ক্যাডার বলে দেবাশীষ অভিযোগ করেন।শিক্ষানবিশ চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রাশেদুর রেজা বলেন, ‘সোহেল দুই শিবির নেতাকে চিনেছেন। তাঁরা কলেজ শাখা শিবিরের নেতা। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।’তিনি ২০১১-১২ সালে কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ইন্টার্ন চিকিৎসক।মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, সোহেলকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ওপর হামলার ঘটনায় নগরের চকবাজার থানায় একটি মামলা হয়েছে। মামলায় মেডিকেল কলেজ শাখা শিবির নেতা মহসিন আবদুল্লাহসহ কয়েকজনকে আসামি করা হয়।গত ১৫ দিনে সোহেলসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান ও সাবেক তিন নেতা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।