ছাত্রলীগ নেতাকে পেটালেন শামীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান এক ছাত্রলীগ নেতাকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা দুইটার দিকে নারায়ণগঞ্জ ক্লাব ভোটকেন্দ্রের সামনে মূল সড়কে তোলারাম কলেজ ছাত্রলীগ শাখার সহসভাপতি নাজিমুদ্দিন ওরফে রনিকে শামীম ওসমান মারধর করেন। এর পর পরই র‌্যাব সদস্যরা শামীমকে তাঁর বাসায় পৌঁছে দেন। একই সঙ্গে তাঁকে বাসায় থাকার জন্য অনুরোধ করা হয় বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়ার পরিচালক এম সোহায়েল প্রথম আলো অনলাইনকে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম ওসমান অভিযোগ করেন, রনি বিভিন্ন কেন্দ্রে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয় দেখাচ্ছে। রনি তাঁর এ অভিযোগের প্রতিবাদ করেন। এরপর শামীম ওসমানের সমর্থকেরা রনিকে ঘিরে ধরে। শামীম ওসমান রনিকে মারধর করেন। বেলা সোয়া দুইটার দিকে র‌্যাবের সদস্যরা রনিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। এম সোহায়েল প্রথম আলো অনলাইনকে আরও জানান, মারধরের পর র‌্যাব ছেলেটিকে উদ্ধার করেছে। এদিকে ঘটনার পর শামীম ওসমান সাংবাদিকদের কাছে বলেন, পুলিশ অপর মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভীর পক্ষে কাজ করছে। তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না। তিনি আরও বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন সিস্টেম (ইভিএম) ঠিকমতো কাজ করছে না। দেয়াল ঘড়িতে ভোট দিলে দোয়াত-কলমে পড়ছে। একজন ভোটার এসে তাঁকে এ ধরনের অভিযোগ করেছে। কিন্তু শামীম ওসমান নিজে এ ধরনের ঘটনা দেখেননি বলে জানান।