ছাত্রলীগ নেতার ওপর হামলা, বিক্ষুব্ধ জনতার বাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর ছাত্রলীগের সভাপতি মো. মনিরুজ্জামানকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত হামলাকারীর বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় আরও ৮-১০টি বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে উপজেলা সদরের শেখ বাড়ির ছোটন মিয়ার নেতৃত্বে দুর্বৃত্তরা সন্ধ্যা সোয়া সাতটার দিকে পশ্চিম পাড়া এলাকায় মনিরুজ্জামানের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা মনিরুজ্জামানকে কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে কুমিল্লা সদর হাসপাতালে পাঠায়। এ খবর মনিরুজ্জামানের গ্রামের বাড়ি বগডহরে ছড়িয়ে পড়লে শত শত বিক্ষুব্ধ জনতা লাঠি সোঁটা নিয়ে শহরের নবীনগর বাজারে মিছিল বের করে। আতঙ্কে নবীনগর বাজারের সব দোকান বন্ধ হয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা হামলার অভিযোগে ছোটনের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধরা আশে পাশের আরও ৮/১০টি বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ হামলার ছবি তুলতে গিয়ে আমার দেশ-এর স্থানীয় প্রতিনিধি জালাল উদ্দিন গুরুতর আহত হন। পরে জালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে মুঠোফোনে ছোটন মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার পরিবারের লোকজনের অভিযোগ, ‘প্রায় এক ঘণ্টা ধরে হামলা চলাকালে বারবার ফোন করেও সহায়তা চাওয়া হলেও পুলিশের কোনো সহায়তা পাওয়া যায়নি।’নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘পুলিশ শুরু থেকেই ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এরপরও পুলিশের সংখ্যা কম থাকায় বিক্ষুব্ধ লোকজন হামলাকারীর বাড়িতে আগুন দেওয়াসহ ৪/৫টি বাড়িতে হামলা চালিয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’ তবে ওসি জানান, ছাত্রলীগের ওপর হামলাকারী ছোটন শহরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।’