ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, আন্দোলন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতা আলী মুর্তজা খসরুকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ভোর থেকে দীর্ঘ পাঁচ ঘণ্টা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে ছাত্ররা। এতে ঘটনাস্থলের উভয় পাশে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাধারণ যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। পুলিশ সকাল পৌনে নয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে চার-পাঁচজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।পরে স্থানীয় পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের এভাবে বিক্ষোভ প্রদর্শন না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের দাবি-দাওয়া পেশ করলে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে সাময়িকভাবে অবরোধ তুলে নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মুর্তজার মুক্তি দাবি করে মিছিল করছিল।এর আগে সকাল সাড়ে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অফিস ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস বন্ধ রয়েছে। ঢাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে লালন শাহ সেতুর টোল প্লাজা থেকে আলী মুর্তজাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও গ্রেপ্তারের কারণটি কৌশলগত কারণেই প্রকাশ করা হচ্ছে না বলে জানান।