ছাত্রলীগ নেতার জ্ঞান ফেরেনি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা আখেরুজ্জামান তাকিমের চেতনা এখনো ফেরেনি। তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকেরা আশঙ্কা করছেন, দ্রুত উন্নততর চিকিৎসার ব্যবস্থা না করা হলে বেঁচে থাকলেও তাঁর বাম পা কেটে ফেলতে হতে পারে। আইসিইউর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক গোলাম মোস্তফা আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। তাঁর মাথায় আঘাত রয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজনও হতে পারে। এখনো চেতনা ফেরেনি। প্রথম অবস্থার চেয়ে সামান্য একটু উন্নতি হয়েছে। তবে ঢাকায় নিয়ে গিয়ে দ্রুত উন্নত ব্যবস্থা না নিলে তিনি বেঁচে থাকলেও তাঁর বাম পা কেটে ফেলে দিতে হতে পারে। ছাত্রলীগের নেতা আখেরুজ্জামানের বাড়ি সৈয়দপুরে। খবর পেয়ে দুপুরে তাঁর ভাই ওয়ালিউল ইসলাম ওরফে তপু রাজশাহীতে যান। তিনি বলেন, তাঁর ভাইয়ের অবস্থার অবনতি হচ্ছে। তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে ছাত্রলীগের নেতার ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর ছাত্রলীগ। মিছিল শেষে আয়োজিত সমাবেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান শফিক বলেন, ‘দেশে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের নেতা তাকিমের ওপর হামলা করে তাঁর হাত-পায়ের রগ কেটে দিয়েছে। এখন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মৃত্যুর সঙ্গে লড়ছেন।’ তিনি বলেন, ‘দেশের যেখানেই এই শিবির ক্যাডারদের পাওয়া যাবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।’ তিনি ঘটনার সঙ্গে জড়িত শিবির ক্যাডারদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানান। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহম্মেদ আলী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি আজও দেশে অরাজকতা তৈরি করে পুলিশের ওপর হামলা চালাচ্ছে। একের পর এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর চোরাগোপ্তা হামলা করছে, যার প্রমাণ তাকিমের পায়ের রগ কাটা।’ তিনি এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান আজ দুপুরে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা যত দূর সম্ভব হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। অপরাধীরা শিগগিরই ধরা পড়বে।’ এদিকে গতকাল বুধবার রাতেই ছাত্রলীগের নেতার ওপর হামলার ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নগরের লক্ষ্মীপুর এলাকায় দোকানপাট ভাঙচুর করে। নগরের ঘোষপাড়ার মোড়ে অবস্থিত শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে আগুন লাগিয়ে দেয়। লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে হামলা চালায়। রাতেই তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগ শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে। এ ঘটনার পরে নগরের বোয়ালিয়া থানার পুলিশ রাতেই রাজশাহী কলেজে অভিযান চালিয়ে দুজন এবং পাশের এলাকা থেকে অপর দুজনকে আটক করেছে। তাঁদের মধ্যে একজন জামায়াতের রাজশাহী মহানগর কমিটির কার্যপরিষদের শুরা সদস্য আছেন। তাঁর নাম আবদুল মালেক। এখনো কোনো মামলা না হওয়ার পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখাতে পারেনি। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মামলা হলে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হবে। এদিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু হুসাইন বলেন, ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক শাহাবুর সাকিল বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল বুধবার রাত আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের সামনে দুষ্কৃতকারীরা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বহিষ্কৃত সহসভাপতি আখেরুজ্জামান তাকিমকে কুপিয়ে জখম করে ও তাঁর বাম পায়ের রগ কেটে দেয়। ছাত্রলীগ দাবি করেছে, শিবির তাঁর ওপর এই হামলা চালিয়েছে।