ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিচার চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২৯ শিক্ষক। আজ মঙ্গলবার অনুষদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ওই নেতার আচরণে ক্ষুব্ধ হয়ে শিক্ষকেরা অনুষ্ঠান বর্জন করেন এবং বিচার চেয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন। শিক্ষকেরা অনুষ্ঠান বর্জন করায় শিল্পাচার্য জয়নুল পদক দেওয়া সম্ভব হয়নি। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম নবেন্দু সাহা। তিনি চারুকলা অনুষদের মৃিশল্প বিভাগের মাস্টার্সের ছাত্র এবং ছাত্রলীগের কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক। চারুকলা অনুষদের সহকারী প্রক্টর রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে নবেন্দু সাহা পুরস্কার দেওয়ার জন্য বাছাইকৃতদের সম্পর্কে আপত্তি তোলেন। তিনি দাবি করেন যোগ্যতা ও নিয়ম পূরণ না করা সত্ত্বেও কিছু শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হচ্ছে। একপর্যায়ে তিনি শিক্ষকদের নিয়েও আপত্তিকর কথা বলা শুরু করেন। এ অবস্থায় শিক্ষকেরা অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন। একই সঙ্গে তাঁর আপত্তিকর আচরণের জন্য উপাচার্যের কাছে আবেদন করেন।অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানান, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে জয়নুল পদক দেওয়ার কথা ছিল। এর আগেই নবেন্দু সাহা মাইক্রোফোন নিয়ে আপত্তিকর কথা বলা শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, অনুষদের ডিন অধ্যাপক এমদাদুল হক মো. মতলুব আলী, চিত্রশিল্পী শহীদ কবির ও অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে নবেন্দু সাহা প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানে তিনি কোনো আপত্তিকর আচরণ করেননি। শুধু বার্ষিক প্রদর্শনীর নীতিমালা ও জয়নুল পদকের নীতিমালার বিষয়ে জানতে চেয়েছেন। তিনি দাবি করেন, নিয়ম-বহির্ভূতভাবে শুধু পছন্দের কিছু ছাত্রকে পুরস্কার পাইয়ে দিয়েছেন শিক্ষকেরা। এ জন্য একেক বিভাগের জন্য একেক ধরনের নিয়ম করা হয়েছিল। জয়নুল পদকের ক্ষেত্রে সব ধরনের নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলেও অভিযোগ আনেন তিনি।সহকারী প্রক্টর রবিউল ইসলাম বলেন, গঠিত জুরি বোর্ডের মাধ্যমে জয়নুল পদক প্রার্থীদের বাছাই করা হয় হয়েছে। বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। ১৯৪৮ সাল থেকে এ প্রক্রিয়া চলে আসছে।