ছাত্রলীগ নেতার মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় তুহিনসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে ১০-১২টি গাড়ি ভাঙচুর করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে।আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা কেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের হাজি মার্কেটের সামনে শামসুজ্জামান তুহিন তাঁর মোটরসাইকেল রেখে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তাঁর মোটরসাইকেলের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় তিনিসহ বারেক নামের একজন ভ্যানচালক আহত হন। এ ঘটনার পরপরই স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে ১০-১২টি গাড়ি ভাঙচুর করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অবরোধ চলছে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’