ছাত্রলীগ নেতার সামনে ধূমপান করায়...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার সামনে ধূমপান করায় স্থানীয় এক যুবককে মারধর করেছেন ওই সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ঝুপড়িতে দায়িত্বরত পুলিশের সামনেই এ ঘটনা ঘটে। এর জের ধরে স্থানীয় অধিবাসীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত যান চলাচল বন্ধ করে রাখে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ক্যাম্পাসের পাশের ফতেপুর ইউনিয়নের ইয়াছির আরাফাত নামের এক যুবক তাঁর বিশ্ববিদ্যালয়-পড়ুয়া বন্ধুর সঙ্গে কলা অনুষদ ঝুপড়ির দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ধূমপান করতে দেখে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব হোসেন তাঁদের বাধা দেন। একপর্যায়ে রাকিবের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ জন কর্মী ইয়াছির আরাফাতকে মারধর করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও শাখা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফা সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান গিয়ে বিষয়টির সমাধান করেন।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘স্থানীয় এক যুবককে মারধরের খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফা সাইফুল ইসলাম ও যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান প্রথম আলো ডটকমকে বলেন, ‘স্থানীয় অধিবাসীদের সঙ্গে ছাত্রলীগের কোনো শত্রুতা নেই। ভুল-বোঝাবুঝির কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি সাংগঠনিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।’বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, এলাকার যুবককে মারধরের খবর ফতেপুর ইউনিয়নে জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা একটার দিকে স্থানীয় লোকজন জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে যান চলাচল বন্ধ করে দেয়। পরে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।