ছাত্রলীগ নেত্রী নিয়োগ পাননি, তাই শিক্ষককে তালা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল রোববার এক শিক্ষককে তালাবদ্ধ করে প্রায় আধা ঘণ্টা একটি কক্ষে আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। পরে প্রক্টর গিয়ে তালা ভেঙে ওই শিক্ষককে উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেত্রীকে প্রভাষক পদে নিয়োগ না দেওয়ায় সংগঠনের নেতা-কর্মীরা ওই শিক্ষককে তালাবদ্ধ করে আটকে রাখেন। এমনকি ওই নেত্রীকে নিয়োগ দেওয়া না হলে ক্যাম্পাস অচল করে দেওয়া হবে বলে উপাচার্যকে হুমকি দেন তাঁরা।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ৪ মার্চ সমাজতত্ত্ব বিভাগে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। শিক্ষক নির্বাচনের কমিটিতে ছিলেন বিভাগের শিক্ষক হাসানুজ্জামান চৌধুরী। নির্বাচক কমিটি তিনজন প্রভাষক ও একজন সহকারী অধ্যাপক নিয়োগসহ মোট চারজনকে নিয়োগ দেয়। নিয়োগ পরীক্ষায় প্রভাষক পদে অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদিকা মুন্সী তানিয়া আফরার ওরফে চম্পা; তবে তিনি নিয়োগ পাননি।ছাত্রলীগের নেত্রী তানিয়া সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘আমি ওই পদের যোগ্য ছিলাম। নির্বাচক কমিটি আমাকে না নিয়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দিয়েছেন। তাই ক্ষুব্ধ ছাত্রলীগের নেতারা উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যানের কক্ষে হাসানুজ্জামানকে তালা মেরে আটকে রাখেন। খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা পর প্রক্টর এসে তাঁকে কক্ষ থেকে উদ্ধার করেন।প্রক্টর মো. জসীমউদ্দীন বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘শিক্ষক হাসানুজ্জামানকে তালা ভেঙে উদ্ধার করা হয়েছে।’জানা গেছে, সমাজতত্ত্ব বিভাগ থেকে পরে ছাত্রলীগের নেতারা উপাচার্য আবু ইউসুফের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন। তাঁরা ছাত্রলীগের নেত্রী তানিয়াকে নিয়োগ দেওয়া না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেবেন বলে উপাচার্যকে হুমকি দেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি আনিসুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন সেট বন্ধ পাওয়া যায়।ছাত্রলীগের নেতা আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, দলের কিছু ছেলে সমাজতত্ত্ব বিভাগের একজন শিক্ষককে আটকে রেখেছিল। এর বেশি কিছু আমি জানি না। তবে আমরা একজন যোগ্য প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য উপাচার্যের কাছে সুপারিশ করতে গিয়েছিলাম।’