ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিপত্য বিস্তার নিয়ে গতকাল মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তবে ছাত্রশিবিরের দাবি, তাদের ছয়জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।পরিস্থিতি শান্ত করতে গিয়ে ছাত্রলীগের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এ ছাড়া তাঁরা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালিয়েছেন।গুলিবিদ্ধ তিনজন হলেন ছাত্রলীগের কর্মী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নবিউল ইসলাম এবং ছাত্রশিবিরের কর্মী লোক সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহাঙ্গীর হোসেন ও স্নাতকোত্তর শেষ বর্ষের শরীফুল ইসলাম। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ছাত্রলীগের কর্মীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতেই নবিউল গুরুতর আহত হয়েছেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময় নবিউল নিজেও প্রথম আলোকে বলেন, ‘আমি ছাত্রলীগের কর্মী। বড় ভাইয়েরাই আমাকে মেরেছেন।’সংঘর্ষের ঘটনায় পুলিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক দুই শিক্ষার্থীসহ ১২ জনকে আটক করেছে। তাঁরা সবাই শিবিরের কর্মী বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হন ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের কর্মীরা ভাগ হয়ে গ্রন্থাগারের দিকে আসতে থাকলে শিবিরের কর্মীরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে শিবিরের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। তাঁদের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও বিজ্ঞান ভবনের দিক দিয়ে বেরিয়ে যান। কয়েকজন আশ্রয় নেন গ্রন্থাগারে। ছাত্রলীগের কর্মীরা গ্রন্থাগারে ঢুকে সেখানে আশ্রয় নেওয়া শিবিরের কর্মীদের মারধর করেন। পরে তাঁরা শিবিরের কর্মীদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় ৩০ মিনিট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে ঢুকে প্রশাসন ভবনের সামনে থাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ভাঙচুর করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকেও লাঞ্ছিত করেন। তাঁরা প্রক্টরকে টেনেহেঁচড়ে উপাচার্যের বাসভবন পর্যন্ত নিয়ে যান। এরপর তাঁরা উপাচার্যের বাসভবনে হামলা চালান ও উপাচার্যের নামফলক ভাঙচুর করেন। সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসের ভেতরে ও প্রধান ফটকের সামনে প্রায় অর্ধশত গুলির শব্দ শোনা যায়। পুলিশের সঙ্গে যেতে যেতেই ছাত্রলীগের কর্মীদের পিস্তলে গুলি ভরতে দেখা গেছে। সংঘর্ষ চলাকালে আহত ছাত্রদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল হাসান, এস এম হলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, শিবিরের কর্মী আইন ও বিচার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোবারক হোসেন, ইসলামিক স্টাডিজ চতুর্থ বর্ষের ইব্রাহিম হোসেন, সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষের জহিরুল হক এবং ইসলামের ইতিহাস দ্বিতীয় বর্ষের আল আমিন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন। গুলিবিদ্ধ নবিউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় জাহাঙ্গীর ও শরীফুলকে পুলিশ আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ছাড়া ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি আহত আখেরুজ্জামান, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, আইন ও বিচার তৃতীয় বর্ষের ছাত্র মোবারক হোসেন ও ইসলামিক স্টাডিজের প্রথম বর্ষের ছাত্র মোসাদ্দেক হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সৌরভ হোসেন চিকিৎসা নিয়ে চলে গেছেন। হাসপাতাল থেকে জাহাঙ্গীর, শরীফুল, মোবারক ও মোসাদ্দেক নামের চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা সবাই শিবিরের কর্মী। ছাত্রলীগ ও শিবিরের বক্তব্য: ছাত্রলীগের সভাপতি আহমদ আলী দাবি করেন, ছাত্রশিবির ক্যাম্পাসে তাদের দখলদারি পুনঃপ্রতিষ্ঠার জন্য ছাত্রলীগের ওপর হামলা চালিয়েছে। তারা ক্যাম্পাসে ফারুক হত্যার মতো নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের হামলায় ছাত্রলীগের নেতা আখেরুজ্জামান, তৌহিদ আল হাসান ও নবিউল গুলিবিদ্ধ হয়েছেন।ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইন বলেন, তাঁরা আগে থেকেই প্রক্টরকে বলে আসছেন, বাসে করে ছাত্রশিবিরের বহিরাগতরা ইট ও পাথর নিয়ে ক্যাম্পাসে ঢুকছে। ঘটনার কিছুক্ষণ আগে বাসে অভিযান চালিয়ে ইট-পাথরের ব্যাগ পাওয়া গেছে। কিন্তু প্রক্টর তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন। তাঁদের গ্রেপ্তার করলে শিবির এই হামলা চালাতে পারত না। তিনি দাবি করেন, শিবিরের নেতা-কর্মীরা পাইপগান থেকে তাঁদের গুলি করেছেন। নবিউলের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, শিবিরের হামলায়ই নবিউল আহত হয়েছেন। অন্যদিকে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলম দাবি করেন, তাঁদের শান্তিপূর্ণ অবস্থানের ওপর ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামিরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এতে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। গ্রেপ্তার এড়াতে তাঁদের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশরাফুল আলম দাবি করেন, ছাত্রলীগের হামলায় তাঁদের অন্তত ৫০ জন আহত হয়েছেন। তিনি বলেন, ‘এ হামলার পেছনে প্রশাসনের প্রত্যক্ষ মদদ রয়েছে। ছাত্রশিবিরের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রশাসন এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে শিবির প্রতিরোধ করবে।’বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য: এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলা যায়নি। তবে সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ বিকেলে জানান, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত। এ ঘটনা ভর্তি পরীক্ষার ওপর কোনো প্রভাব পড়বে না। ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার শুরু হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মুহম্মদ জাকারিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরে কথা বলবেন। পরে তিনি আর ফোন ধরেননি।ক্যাম্পাসে আতঙ্ক: ক্যাম্পাসে সংঘর্ষ শুরুর পর সাধারণ শিক্ষার্থীরা দিগিবদিক ছোটাছুটি শুরু করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে অবস্থান নেন। প্রশাসনের পক্ষ থেকে এ সময় বিভিন্ন ভবনের ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। বিভিন্ন হলে অবস্থান নেওয়া একাধিক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী জানান, তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে ভয় পাচ্ছেন।তল্লাশি অভিযান: সংঘর্ষের পর পরই পুলিশ বিশ্ববিদ্যালয়ের পাশের বিভিন্ন ছাত্রাবাসে (মেসে) তল্লাশি চালায়। এ সময় পুলিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক জাহিদুল ইসলাম ও রাকিব হাসান এবং বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র তৌহিদুর রহমান, আরবি তৃতীয় বর্ষের আবদুল, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের আবদুল্লাহ আল মামুন, আরবি প্রথম বর্ষের মহব্বত আলী, রসায়নের রফিকুল ইসলাম ও ফিরোজ আলমকে (বিষয় জানা যায়নি) আটক করে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ে ছয় প্লাটুন পুলিশ, র্যা ব ও বিজিবির সদস্যরা কাজ করছেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এ ঘটনায় মামলা করা হবে। আটক ছাত্রদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।