ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, হল খালির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর সব হল খালির নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববারের এ সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। গতকাল জিয়াউর রহমান হলে পোস্টার লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিবিরের দুই কর্মীর অবস্থা আশঙ্কাজনক।সংঘর্ষের পর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পর্ষদের (প্রভোস্ট কাউন্সিল) এক সভায় আজ সোমবার বেলা তিনটার মধ্যে সব হল খালি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গভীর রাতে উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামালউদ্দিন, প্রক্টর মাহবুবুল আরফিনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টরিয়াল বডির সদস্যরা। বৈঠকে দুই ছাত্রসংগঠনের নেতারা ক্যাম্পাসে সহ-অবস্থানের আশ্বাস দেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে জিয়াউর রহমান হলের সামনে জাতীয় শোক দিবসের পোস্টার লাগাচ্ছিলেন বকুল, সুমন, রাসেলসহ ছাত্রলীগের পাঁচ-সাতজন কর্মী। এ সময় ছাত্রশিবিরের জিয়া হলের সাধারণ সম্পাদক শরফুদ্দিনসহ কয়েকজন কর্মী তাঁদের বাধা দেন এবং কয়েকটি পোস্টার ছিঁড়ে ফেলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে অন্যান্য হল থেকে উভয় পক্ষের নেতা-কর্মীরা ঘটনাস্থলে এসে সংঘর্ষে যোগ দিলে তা ব্যাপক আকার ধারণ করে। সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা জিয়া হলে ব্যাপক ভাঙচুর চালান। পরে সন্ধ্যা সাতটার দিকে লালন হলে শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাধে। উভয় পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, রামদা ও চাপাতি নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এ সময় ৪০-৫০টি গুলির শব্দ পাওয়া যায়। সংঘর্ষ চলাকালে সাধারণ ছাত্ররা হলের বাইরে বের হয়ে এলে উভয় পক্ষের নেতা-কর্মীরা বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালান।নাম প্রকাশ না করার শর্তে ওই হলের এক ছাত্র বলেন, ‘হলের ভেতরে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলাম, এ সময় হঠাৎ হইচই এবং গোলাগুলির আওয়াজ পাই।’ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জিয়া হলের পশ্চিম পাশে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিবিরের মোখলেছ, শাহাদাত, তাওহীদ, মো. উল্লাহ, শফিকসহ অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে মোখলেছসহ শিবিরের দুই কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ছাড়া ছাত্রলীগের সুমন, রাসেল, বকুল ও শাহিনসহ ১৫ জন আহত হন। তাঁদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।পরে বিশ্ববিদ্যালয় থানা ও কুষ্টিয়া এবং ঝিনাইদহ সার্কেলের পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্য ও কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সি এ হালিম এবং ঝিনাইদহ জেলার পুলিশ সুপার রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন।জিয়া হলের প্রাধ্যক্ষ মো. সেলিম বলেন, ‘সংঘর্ষের খবর পাওয়া মাত্র এক সহকর্মীকে নিয়ে হলে আসি। আমরা আমাদের সাধ্যমতো শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করি।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে শোক দিবসের পোস্টার লাগানোর সময় শিবিরের কর্মীরা তা ছিঁড়ে ফেলে। এ কারণে সংঘর্ষের সূত্রপাত হয়।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মঈনুল হোসেন বলেন, ‘আমাদের পোস্টারের ওপর ছাত্রলীগের কর্মীরা পোস্টার লাগাতে চাইলে আমাদের কর্মীরা তাদের বাধা দিয়েছে মাত্র।’ কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সি এ হালিম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের সহায়তায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।’