ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আটজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসে সিট দখলকে কেন্দ্র করে আজ দুপুরে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে উভয় সংগঠনের আটজন নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।আহত নেতা-কর্মীরা হলেন ওয়াসিম, রাজীব, আজগর, হারুন, জিন্নাত, রিপন আহমেদ, মইনুল ও তানিম। এ ছাড়া সংঘর্েষ স্থানীয় ধর্মভিত্তিক একটি দলের ছাত্রসংগঠন আঞ্জুমানে তালামিজের নোমান আহমদ নামের একজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।ক্যাম্পাস সূত্রে জানা যায়, আজ বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে সিট রাখাকে কেন্দ্র করে শিবিরের কর্মী রিপনের সঙ্গে ছাত্রলীগের কর্মী আশরাফ ও ওয়াসিমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রিপনের নেতৃত্বে শিবিরের কয়েকজন নেতা-কর্মী বাস আটকিয়ে স্ট্যান্ডের সামনে অবস্থান নেন। এ সময় উভয় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই আটজন নেতা-কর্মী আহত হন।ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমান বলেন, শিবিরের ক্যাডাররা শান্ত ক্যাম্পাসকে অশান্ত করার চক্রান্ত করছে। এরই অংশ হিসেবে তারা ছাত্রলীগের ওপর হামলা চালিয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি তোফাজ্জল হোসেন জানান, ব্যক্তিগত কারণে এমন ঘটনা ঘটেছে। এটাকে রাজনৈতিক রূপ দেওয়ার কোনো মানে হয় না।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম জানান, ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।