ছাত্রলীগ-শিবির সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ রোববার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় গুলি বিনিময় ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।উদ্ভূত পরিস্থিতিতে আজ রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা শুরু হবে। এ ছাড়া কাল সোমবার সকাল ১০টার মধ্যে সবাইকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য শাহীনুর রহমান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় শিবিরের নেতা-কর্মীরা ছাত্রলীগের কর্মীদের পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান ঘটনাস্থলে গেলে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। ছাত্রলীগ, ছাত্রশিবির, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর কয়েক দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে: গত বছরের ১৪ আগস্ট আবাসিক হলে ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষের পর হল লুটপাটের ঘটনায় প্রশাসনের প্রতিশ্রুত ক্ষতিপূরণ অবিলম্বে শিক্ষার্থীদের দেওয়া, গত ১৯ নভেম্বর ও ১২ জানুয়ারি শিক্ষকদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি, আবাসিক হলগুলোতে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া ইত্যাদি।উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে প্রথম বর্ষে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের কাছে ওই স্মারকলিপির কয়েকটি কপি বিতরণ করছিলেন শিবিরের এক কর্মী। এ সময় ছাত্রলীগের নেতা মো. সাজন সেখানে গিয়ে স্মারকলিপি দেখতে চান। শিবিরের ওই কর্মী স্মারকলিপি দিতে রাজি না হলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা দুজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীরা সংগঠিত হয়ে সংঘর্ষ শুরু করেন। শিবিরের কর্মীরা ছাত্রলীগের এক নেতার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বাকি বিল্লাহ, আলতাফ হোসেনসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠের এক প্রান্তে ছাত্রলীগ ও অন্য প্রান্তে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা পরপর আটটি ককটেলের বিস্ফোরণ ঘটান।বেলা পৌনে একটায় পুলিশের উপস্থিতিতে শিবির ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে আবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সামনেই ছাত্রশিবির ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ১৫-১৬টি ককটেলের বিস্ফোরণ ঘটান। নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে ১২০টি ফাঁকা গুলি ও ২৮টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। পরে শিবিরের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন। শিবিরের নেতা-কর্মীরা এ সময় প্রধান ফটকের বাইরে থাকা ছাত্রলীগের চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে প্রধান ফটকের বাইরে এবং শিবিরের নেতা-কর্মীরা প্রধান ফটকের ভেতরে অবস্থান নেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রধান ফটকের বাইরে এবং শিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এলাকায় অবস্থান করছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশের এক কনস্টেবলসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে চিকিত্সা দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি শামীম খান বলেন, ‘শিবিরের নেতা-কর্মীরা ছাত্রলীগ ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মন্তব্য করায় আমরা তার প্রতিবাদ জানাই। এ সময় তারা আমাদের উপর হামলা চালালে আমরা তা প্রতিহতের চেষ্টা করেছি।’বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘কয়েক দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি উপাচার্যকে দিয়ে আসার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের উপর হামলা চালায়।’সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ-উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে বৈঠক করছেন।বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন প্রথম আলো ডটকমকে জানান, বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ তত্পর রয়েছে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা বলেন, সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।