ছাত্রলীগ সরকারের গভীর পর্যবেক্ষণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সমর্থক ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতৃত্ব পর্যায়ের কার্যক্রম গভীরভাবে খতিয়ে দেখছে সরকার। এ ক্ষেত্রে ছাত্রনেতাদের শিক্ষাজীবন ও অতীত রাজনৈতিক কার্যক্রম আমলে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি, হল শাখার কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাদের জীবনবৃত্তান্ত নেওয়া হয়েছে। বিশেষ একটি ফরম পূরণের মাধ্যমে তাঁদের শিক্ষাজীবনের পাশাপাশি পারিবারিক পরিচিতিও নেওয়া হচ্ছে।সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মেধাবী ছাত্র আবু বকর হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের তিন সাংগঠনিক সম্পাদককে ছাত্রলীগের কার্যক্রম দেখভালের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পাওয়া দুই নেতা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক ও সাংসদ বি এম মোজাম্মেল হক ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।অভিযোগ আছে, ছাত্রলীগে সুযোগসন্ধানীরা অনুপ্রবেশ করেছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি হলে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের দুজন নেতা ছাত্রলীগের নেতাদের অতীত ও বর্তমান কার্যক্রম গভীরভাবে খতিয়ে দেখছেন।এ সম্পর্কে নানক প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগকে বোঝানোর চেষ্টা করছি। এরা কি আসলেই ছাত্রলীগ, নাকি নাম ব্যবহার করছে, সে ব্যাপারে খোঁজ নিচ্ছি।’ তিনি বলেন, এরই মধ্যে একটি বার্তা দেওয়া হয়ে গেছে যে সংগঠনবিরোধী কার্যকলাপ বা বেআইনি কাজে কেউ লিপ্ত হলে ছাত্রলীগ করার সুযোগ থাকবে না। দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।ছাত্রলীগের দুই গ্রুপের সন্ত্রাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর সিদ্দিকী খুন ও এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বেফাঁস মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। তা ছাড়া হঠাত্ করে চালের মূল্যবৃদ্ধি এবং ‘পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী’ তানজিম আহমেদ সোহেল তাজের বিষয়টি অস্বস্তিতে ফেলেছে সরকারকে। একাধিক মন্ত্রী ও নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে সরকারের অবস্থান সম্পর্কে এ রকম ধারণা পাওয়া গেছে। তবে সাম্প্রতিক বিষয়গুলো সরকারের জন্য সংবেদনশীল ও স্পর্শকাতর বলে মন্তব্য করেন কয়েকজন মন্ত্রী।মন্ত্রীদের অনেকেই মনে করেন, ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির ঘটনায় সরকারের অনেক সাফল্য ম্লান হচ্ছে। এমনকি অনেক সফল ঘটনাও ছাত্রলীগের অপকর্মের দায়ে চাপা পড়ে যাচ্ছে। এদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে না পারলে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে বলে অনেকের ধারণা।নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এটা আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতিও। সরকার বিচার শুরু করার প্রাথমিক কাজকর্ম শেষ করেছে। এখন কতগুলো ভালো কাজ দিয়ে সরকারের গ্রহণযোগ্যতা বাড়ানো দরকার। কিন্তু উল্টো ছাত্রলীগের কারণে সরকার বেকায়দায় পড়ছে। এ পরিস্থিতিতে যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করার ব্যাপারে সরকার সমস্যায় পড়তে পারে।সূত্র জানায়, এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন মেধাবী ছাত্র মারা যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন। এ ঘটনার পর ছাত্রলীগের নেতারা যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি সাক্ষাত্ দেননি। প্রধানমন্ত্রী দলের তিন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আহমদ হোসেন ও বি এম মোজাম্মেল হককে ছাত্রলীগের সাম্প্রতিক ঘটনাবলি খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছেন। তাঁরা ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথাও বলেছেন।