ছাত্রলীগ-স্বাচিপের হাতে হেনস্তা হলেন প্রাণ গোপাল দত্ত
এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্তের ওপর চড়াও হয়েছেন আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও ছাত্রলীগের সদস্যরা। গতকাল শনিবার দুপুরে তাঁরা এ ঘটনা ঘটান। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে প্রাণ গোপাল দত্ত একাডেমিক কাউন্সিলের সভা শেষে বের হওয়ার পর স্বাচিপ ও ছাত্রলীগের কর্মীদের তোপের মুখে পড়েন। চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) পদে নিয়োগ পরীক্ষার ফলাফলে দলীয় প্রার্থীদের নাম না থাকায় তাঁরা প্রাণ গোপালের ওপর চড়াও হন। এ সময় সহকর্মীরা উপাচার্যকে সরিয়ে নিয়ে যান।দুপুর পৌনে একটার দিকে বিএসএমএমইউতে গিয়ে দেখা যায় মিল্টন হলের সামনে পুলিশ ও র্যাব সদস্যদের প্রহরা। তখন হলের ভেতর অকৃতকার্য চাকরিপ্রত্যাশীদের নিয়ে সভা করছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শারফুদ্দিন আহমেদ, স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলানসহ বিএসএমএমইউর কয়েকজন শিক্ষক। একই ভবনের দোতলায় উপাচার্যের কক্ষের সামনে ও ভেতরে পুলিশ মোতায়েন ছিল। এ সময় উপাচার্য সাংবাদিকদের বলেন, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পাস করা ছাত্রলীগের কর্মীরা স্থানীয় নেতাদের কাছে জানতে এসেছিলেন, লিখিত পরীক্ষায় পাস করা প্রার্থীদের তালিকায় তাঁদের নাম নেই কেন? তিনি বলেন, ‘ওদের কেউ কেউ বলেছে, “আমি পাস করিনি সেটা বড় কথা নয়, কিন্তু অমুক কেন পাস করল”?’ উপাচার্য জানান, চিকিৎসা কর্মকর্তার ৭০টি পদে আবেদন করেছিলেন ৬৩১ জন। গত শুক্রবার লিখিত পরীক্ষায় ৫০৫ জন অংশ নেন। ওই দিনই খাতা দেখে মৌখিক পরীক্ষার জন্য ২০৭ জনের তালিকা করা হয়। তিনি বলেন, সুষ্ঠু পরীক্ষার স্বার্থে একজনকে প্রশ্নপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পরীক্ষার আয়োজন করা হয়েছিল বুয়েটে। এর আগে গত ১৬ জুলাই এই নিয়োগ পরীক্ষা এক দফা স্থগিত করা হয়েছিল। তখন অভিযোগ উঠেছিল, পরীক্ষার কক্ষে কিছু শিক্ষক পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দিয়েছিলেন। গতকাল মিল্টন হলে সভা শেষে ইকবাল আর্সলান ও তাঁর সমর্থকেরা বের হলে সাংবাদিকেরা তাঁদের ছবি তোলার চেষ্টা করেন ও কথা বলতে চান। এ সময় ইকবাল ও তাঁর সমর্থকেরা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও ছবি তুলতে বাধা দেন।একাধিক জ্যেষ্ঠ শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সমর্থক চিকিৎসকেরা বিএসএমএমইউ এলাকায় ‘ইকবাল গ্রুপ’, ‘শারফুদ্দিন গ্রুপ’, ‘আজিজ গ্রুপ’, ‘জাকারিয়া গ্রুপ’ নামে নানা উপদলে বিভক্ত। এসব উপদলের নেতারা তাঁদের অনুসারীদের এত দিন চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন। মৌখিক পরীক্ষার জন্য যে তালিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে, তাতে সাধারণ চিকিৎসকদের পাশাপাশি ওই সব উপদলের কোনো কোনো চিকিৎসকের নাম আছে। কিন্তু একটি উপদলের সদস্যদের নাম কম আছে। মূলত ওই উপদলের চিকিৎসকেরা গতকাল উপাচার্যকে হেনস্তা করেছেন।স্বাচিপের সদস্য এমন এক চিকিৎসক প্রথম আলোকে বলেন, গতকালের বৈঠকে নেতারা আশ্বাস দিয়েছেন, দলীয় কর্মীদের চাকরি নিশ্চিত না হলে কর্তৃপক্ষকে নিয়োগ চূড়ান্ত করতে দেওয়া হবে না।