আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, হরতালে ছাত্রলীগ বিশৃঙ্খলা করে থাকলে তার দায় আওয়ামী লীগের নয়। কারণ গঠনতন্ত্র অনুসারে ছাত্রলীগ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।গতকাল রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতাল-সমর্থকদের ওপর সরকারি দলের হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগের অঙ্গসংগঠন নয়, এদের দায়দায়িত্ব আওয়ামী লীগ নেবে না। আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে না। এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, সুপ্রিম কোর্টের রায় আছে, হরতাল করা সাংবিধানিক অধিকার, এটা সংবিধানসম্মত। তাই আইন করে এটা বন্ধ করা যাবে না। আর দল হিসেবে আওয়ামী লীগও এতে বাধা দেওয়ার চেষ্টা করেনি।হরতালের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত—এ মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, দীর্ঘদিন ধরে হরতাল-পাল্টা হরতালের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা কোনোভাবেই কাম্য হতে পারে না। ভাবতে হবে যেন হরতালের মতো কর্মসূচির আর প্রয়োজন না হয়।” আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ এ হরতালে সমর্থন দিয়েছে, এমনটা আমার মনে হয়নি। শনিবার রাতে গাড়ি ভাঙচুর ও পোড়ানো হয়েছে। এতে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই মানুষ বাইরে তেমন বের হয়নি। এটাকে সমর্থন বলা যায় না।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিএনপির কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। গতকাল সচিবালয়ে হরতাল চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেপ্তারের কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী এ কথা জানান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভাঙচুর ও পথচারীদের ওপর হামলাসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি থেকে বিরত রাখতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। হরতাল প্রতিহত করার কোনো ইচ্ছা থেকে এটা করা হয়নি। শামসুল হক বলেন, বর্তমান সরকারের আমলে দুটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেক ভালো। আর বিদ্যুৎ-গ্যাসের যে সংকট, তা বিএনপিরই রেখে যাওয়া। তাই তাদের এ ইস্যুবিহীন হরতালের দরকার ছিল না। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এ হরতাল ডাকা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে: বিকেলে ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে। তবে ভাঙচুরের আতঙ্কে বাস কম চলেছে। অফিস-আদালত, ব্যাংক-বিমা, নৌ ও রেলপথ স্বাভাবিক ছিল। হরতালের আগের রাতে ভাঙচুর-নৈরাজ্য হলেও জনগণ হরতালে সাড়া দেয়নি। তিনি বলেন, ঢাকা শহরের ৭০টি বস্তিতে বিএনপির নেতারা দলবেঁধে টাকা দিয়ে লোক জড়ো করেছেন। তাঁরা রিকশা ভাঙচুরের জন্য এক হাজার টাকা, মোটরসাইকেলের জন্য দুই হাজার, সিএনজিচালিত অটোরিকশার জন্য তিন হাজার ও বাস ভাঙচুরের জন্য জনপ্রতি পাঁচ হাজার টাকা দিয়ে লোক ভাড়া করেছেন।মির্জা আব্বাসের বাড়িতে র্যাব-পুলিশের হামলা প্রসঙ্গে হানিফ বলেন, ওই বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা করা হয়েছিল। আব্বাসের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ভাঙচুর-অগ্নিসংযোগ করা হলে আইনের আওতায় আসতেই হবে।সংবাদ সম্মেলনে দলীয় নেতা আহমদ হোসেন, মৃণালকান্তি দাস, ফরিদুন্নাহার, আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।