ছাত্রলীগকর্মী রাসেল রিমান্ড শেষে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি ছাত্রলীগের কর্মী রাসেল ওরফে রাপ্পুকে তিন দিনের রিমান্ড শেষে আজ শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে।জেলা ডিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেলে রাসেলকে বড়াইগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। সন্ধ্যায় তাঁকে আদালত থেকে নাটোর কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে রাসেল ভিডিও ফুটেজ ও পত্রিকায় প্রকাশিত ছবি শনাক্ত করেছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পুলিশ রাজি হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, রাসেল বনপাড়া ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র। তিনি কয়েকবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেও কৃতকার্য হতে পারেননি। রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বনপাড়া ও আশপাশের কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে। তবে নতুন করে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কোনো কোনো রাজনীতিবিদের হুমকির মুখে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা আইন অনুযায়ী কাজ করছি। কারও হুঙ্কার বা চাপ তদন্তকে প্রভাবিত করবে না। গত ৮ অক্টোবর সকালে বনপাড়া বাজারে মহাসড়কের ওপর দুর্বৃত্তরা বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহত হওয়া চেয়ারম্যানের স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে আওয়ামী লীগের ২৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ শুধু রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্য আসামিরা এখনো পলাতক।