ছাত্রলীগকে ত্যাগে উদ্বুদ্ধ হতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের মানসিকতা ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন। ছাত্রলীগের নেতা-কর্মীদের তিনি বলেন, ‘নিজেরা কী পেলাম, সেটা না দেখে দেশ ও জাতিকে কী দিতে পারলাম, সেটাই দেখতে হবে। বঙ্গবন্ধু সারা জীবন এই আদর্শ নিয়ে চলেছেন। ছাত্রলীগের নেতা-কর্মীদের ত্যাগের এই আদর্শ অনুসরণ করতে হবে।’জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।সাম্প্রতিক সময়ে লিবিয়ার পরিস্থিতি নিয়ে গাদ্দাফির কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল, তাদের অনেককেই লিবিয়ায় আশ্রয় দিয়েছিলেন গাদ্দাফি। তাঁর পতন হয়েছে। এখন তিনি কোথায়?প্রধানমন্ত্রী আরও বলেন, ‘১৯৯৬ সালে গাদ্দাফি আমাকে কোরআনের আয়াত তুলে চিঠি লিখে বঙ্গবন্ধুর খুনিদের ক্ষমা করে দিতে বলেছিলেন। আমিও তাঁকে কোরআনের আয়াত দিয়ে চিঠি লিখে বলেছিলাম, সন্তান হিসেবে আমি বাবা ও স্বজনদের খুনিদের ক্ষমা করতে পারি না।’অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেন, অর্থনীতিতে মৌলবাদদের প্রতি বছর এক হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করতে তারা এত কোটি টাকা বিনিয়োগ করছে। কিন্তু যুদ্ধাপরাধের বিচার যে করেই হোক শেষ করতে হবে।অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক নেতা হামিদা বানু প্রমুখ বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান।