ছাত্রলীগকে থামাতে সাত দিন সময় দিয়েছেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তাকে মারধর করার প্রতিবাদে গতকাল সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। গত রোববার ছাত্রলীগের নেতা-কর্মীদের একজন কর্মকর্তাকে মারধর করার প্রতিবাদে কর্মকর্তারা এই কর্মবিরতি পালন করেন। আজও তাঁরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। অফিসার্স অ্যাসোসিয়েশনের ডাকা কর্মসূচির সঙ্গে শিক্ষকেরা একাত্মতা প্রকাশ করেছেন। ছাত্রলীগকে থামাতে স্থানীয় প্রশাসনকে তাঁরা সাত দিন সময় দিয়েছেন।গতকাল সোমবার জরুরি বৈঠক করে শিক্ষকেরা আজ মঙ্গলবার দুই ঘণ্টার কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করেছেন। বৈঠকে ছাত্রলীগের সন্ত্রাস বন্ধে প্রশাসনকে সাত দিনের সময়সীমা দিয়েছেন শিক্ষকেরা। এর মধ্যে শিক্ষকেরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন এবং বিশ্ববিদ্যালয়ের নৈরাজ্যকর পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন।ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আহ্বায়ক অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের ব্যানারে আন্দোলনরত কয়েকজন ছাত্রের হাতে গোটা ক্যাম্পাস জিম্মি। ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনকে আমরা সাত দিনের সময়সীমা দিয়েছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে পুরো বিষয়টি তুলে ধরে স্মারকলিপি দেব।’ গত রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের পোলট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) পরিচালকের ব্যক্তিগত সহকারী চমক চন্দকে মারধর করে ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে অফিসার্স অ্যাসোসিয়েশন ওই দিন দুই ঘণ্টা করে দুই দিনের কর্মবিরতি ঘোষণা করে।ক্যাম্পাস সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। একই সময় কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল বের করে। প্রশাসনিক ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে তারা সেখানে মিছিল নিয়ে আসে। মিছিল থেকে কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তাদের ‘ভিসির দালাল’ বলে স্লোগান দিতে থাকে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক চৌধুরী আতাউর রহমানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি মজুমদার অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আন্দোলনরত ছাত্রদের পরীক্ষার নম্বরের ভয় দেখাচ্ছেন। তাঁরা হয়রানি করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।উপাচার্য অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথ বলেন, ‘ছাত্রদের অনেক ক্ষতি হয়েছে। অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নিয়ে আমরা তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব।’বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড কমানো, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানের নামে ছাত্রাবাসের নামকরণ বাতিলসহ ২১ দফা দাবিতে গত ১৩ ডিসেম্বর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় অচল করে রাখে ছাত্রলীগ। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে তারা। ১৪ ডিসেম্বর সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করা হয়। গত রোববার বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়।