ছাত্রলীগকে বাঁচাতে পুলিশ মরিয়া
দোতলায় উঠে রড-লাঠি দিয়ে এলো-পাতাড়ি মারধর, চাপাতির কোপ। সেখান থেকে মারতে মারতে নিচে নামিয়ে চারদিক ঘিরে চলে বর্বরতা। শেষমেশ মৃত্যু।এটি পুরান ঢাকার জজকোর্ট এলাকার সামনে ছাত্রলীগের নেতা-কর্মীদের নৃশংসতায় পথচারী বিশ্বজিৎ দাস হত্যার ঘটনা। শুরু থেকে শেষ এ হত্যাযজ্ঞে সময় লেগেছে প্রায় ১০ মিনিট। আর মাত্র ১০-১৫ গজ দূরে থেকে এ দৃশ্য দেখছিলেন লালবাগ অঞ্চলের উপকমিশনার (ডিসি) হারুনুর রশিদসহ অন্তত ৩০ পুলিশ সদস্য। হামলাকারীদের প্রতিহত করতে এবং বিশ্বজিৎকে রক্ষায় এগিয়ে আসেননি কেউ।ডিসি হারুনুর রশিদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘বিক্ষুব্ধ জনতার হামলায় আহত হওয়া বেশ কয়েকজন আইনজীবীকে হাসপাতালে নিতে আমরা ব্যস্ত ছিলাম। ওই দিকে কী হচ্ছিল, তা জানতে পারিনি। আর কেউ মারা যাবে, এটাও তো কেউ জানত না।’এদিকে পরিবারের অভিযোগ এবং ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের নাম ও ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়া সত্ত্বেও তাঁদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পুরান ঢাকার জজকোর্ট এলাকায় ভিক্টোরিয়া পার্কের কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি কাজী নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বর্বরোচিত হামলা চালিয়ে বিশ্বজিৎকে হত্যা করেন। এলোপাতাড়ি মারধর ও চাপাতির কোপে বিশ্বজিতের পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। একপর্যায়ে নিস্তেজ হয়ে গেলেও তাঁকে রক্ষায় এমনকি হাসপাতালে নেওয়ারও কোনো ব্যবস্থা করেনি পুলিশ। স্থানীয় লোকজনের সহায়তায় রিপন নামের এক রিকশাওয়ালা বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে যান।রিপন প্রথম আলোকে বলেন, বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে যাওয়ায় পর অনেকক্ষণ বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়।মামলা: সোমবার রাত আটটার দিকে বিশ্বজিৎ হত্যায় সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়, আদালতপাড়া থেকে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি মিছিল বের করলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা একটি অবরোধবিরোধী মিছিল বের করেন। এ সময় উভয় পক্ষে সংঘর্ষ হয়। তখন বিশ্বজিৎ দাস দৌড়ে যেতে থাকলে অজ্ঞাতনামা ২০-২৫ জন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।পুলিশের উপস্থিতিতে ঘটনা এবং গণমাধ্যমে ছবি ও ভিডিও ফুটেজ আসার পরও কেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হলো, জানতে চাইলে বাদী জালাল উদ্দিন বলেন, ‘যখন মামলা হয়, তখন জড়িতদের ব্যাপারে তথ্য পাইনি।’ তিনি বলেন, ছাত্রলীগ নয়, অবরোধবিরোধী ছাত্রদের ব্যানারে মিছিল বের হয়েছিল। ব্যানারে তো ‘ছাত্রলীগ’ লেখা ছিল। জবাবে তিনি বলেন, ‘এটা তো মামলার পরে জানতে পারছি।’সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘দলীয় লোকজনই এ ঘটনা ঘটিয়েছে, তা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে।’ কোন দলের লোক? ওসি বলেন, ‘আছে না। ছাত্রলীগের মধ্যেও শিবির থাকে। বিএনপির মধ্যেও ছাত্রলীগ থাকে।’বিশ্বজিতের ভাই উত্তম কুমার দাস বলেন, ‘আমি ঢাকায় থাকি বলে বিশ্বজিতের ঘটনার পর আমার মা-বাবা আমাকে নিয়ে আতঙ্কে আছেন। ভয়ে কেউ মামলা করিনি।’ বিক্ষোভ: পুরান ঢাকার শাঁখারীবাজারে বিশ্বজিৎ একটি দর্জির দোকান চালাতেন। বিশ্বজিৎ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বেলা তিনটার দিকে ‘বিশ্বজিতের বন্ধুমহল’-এর ব্যানারে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বজিৎ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। অথচ দুই দলের রাজনীতির রোষানলে পড়ে তাঁর মতো সাধারণ মানুষকেই মরতে হলো।