চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গতকাল শনিবার আবার পৃথক হামলার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে সৌমেন দাশের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সঞ্জয় দেব নামে এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।আগের দিনের হামলার জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় সড়ক এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে। গতকালের আহত ব্যক্তিরা হলেন অর্থ ও ব্যাংকিং বিভাগের কাজী তানজিম হোসেন, সমাজতত্ত্ব বিভাগের জোবাইর ও রিফাত বিন সাদিক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সৌমেন ও আরিফ। আরিফ ছাড়া বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তানজিম ও সৌমেনের অবস্থা আশঙ্কাজনক। তানজিমের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।জানা গেছে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গত শুক্রবার শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের এক পক্ষের সংগঠন ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) কর্মীরা চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে গত শুক্রবার চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) সদস্যদের ওপর হামলা চালান। এতে অন্তত তিনজন আহত হন। এঁদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।দুই পক্ষের কর্মীরা হাসপাতালে ভর্তি হওয়ায় গতকাল বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুই পক্ষের কর্মীদের ভিড় করতে দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সৌমেন, তানজিম, রিফাত ও শুক্রবার আহত মেহরাবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে সিএফসির কর্মীরা চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে ভিএক্সের দুই সদস্য সৌমেন ও আরিফের ওপর হামলা চালান। সৌমেনের হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। আরিফকে বেধড়ক পেটানো হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এদিকে শাটল ট্রেনের আরেক পক্ষ উল্কার সদস্যরা গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সেনানিবাস রেল স্টেশনের প্লাটফর্মে একাকার নামের অন্য একটি পক্ষের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে একাকারের সদস্য কাজী তানজিম হোসেন, জোবাইর ও রিফাত গুরুতর আহত হন। তানজিমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ, রিফাতের পায়ে এবং জোবায়েরের শরীরের দুটি জায়গায় গুরুতর জখম হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, একাকার সদস্যরা প্লাটফর্মে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ক্যাম্পাস থেকে শহরগামী ট্রেনে চড়ে আসা উল্কার সদস্যরা ওই প্লাটফর্মে যাত্রাবিরতির সময় নেমে একাকার সদস্যদের হামলা চালান। এ দুই পক্ষ নগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির-সমর্থিত ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সকালে কাটাপাহাড় সড়কে হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে সঞ্জয় নামের এক ছাত্রকে আটক করা হয়েছে। এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত ৫০ জন পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে।সাতজন বহিষ্কার: প্রশাসন সূত্র জানায়, দুই দিনের পৃথক হামলার ঘটনায় কর্তৃপক্ষ সাতজন ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করেছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় ‘বোর্ড অব হেলথ অ্যান্ড রেসিডেন্স কমিটির’ জরুরি বৈঠকে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন।বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন অর্থ ও ব্যাংকিং বিভাগের ফজলে রাব্বী, আইন বিভাগের কিশোর দাশ, মোকারম পলাশ, ইমরান খান মির্জা ও নুরুজ্জামান; সমাজতত্ত্ব বিভাগের শরীফুজ্জামান ও দর্শন বিভাগের জমির। এঁদের মধ্যে প্রথম চারজন ভিএক্স এবং শেষের তিনজন সিএফসি পক্ষের সদস্য।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন বলেন, ইমরান খানকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ভাঙচুরের দায়ে এবং অন্যদের হামলায় জড়িত থাকার দায়ে বহিষ্কার করা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।তদন্ত কমিটি: প্রক্টর আকতার হোসেন জানান, গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক মো. আল-আমীন। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।