নেতা-কর্মীরা বারবার নতুন কমিটির দাবি জানালেও এখনো মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছে দেশের প্রধান ছাত্রসংগঠন ছাত্রলীগ। সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে আড়াই বছর আগে। দুই বছরের জন্য এই কমিটি করা হলেও সাড়ে চার বছর ধরে নেতারা পদ আঁকড়ে আছেন। অথচ এঁদের কারও ছাত্রত্ব নেই। শীর্ষস্থানীয় দুই নেতাসহ কেন্দ্রীয় কমিটির অনেক নেতার বয়সও ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে।নেতা-কর্মীদের অভিযোগ, নির্ধারিত সময়ের তিন বছর পরও সম্মেলন না হওয়ায় অনেকেরই ছাত্রলীগ করার বয়স চলে যাচ্ছে। তরুণেরা ছাত্রলীগের প্রতি আগ্রহ হারাচ্ছেন। ফলে আগামী সম্মেলনে নেতৃত্বের নির্বাচন নিয়ে বিরাট সমস্যার সৃষ্টি হবে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি-বাণিজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলসহ নানা কারণে মহাজোট সরকারের গত ২২ মাসে সবচেয়ে বেশি আলোচিত ছাত্রলীগ। বিতর্কিত এসব কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী-সাংসদেরাও বিব্রত হয়েছেন বারবার। কিন্তু ছাত্রলীগকে সংশোধন করতে পারেননি কেউই। এমনকি নেতা-কর্মীদের বারবার দাবির পরও মেয়াদহীন কমিটি ভেঙে নতুন কমিটি হয়নি। ফলে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বেড়েছে। এ নিয়ে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন নেতা-কর্মীরা।২০০৬ সালের ৪ এপ্রিল মাহমুদ হাসানকে সভাপতি ও মাহফুজুল হায়দার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। দুই বছরের এই কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০০৮ সালের এপ্রিলে। ছাত্রলীগের গঠনতন্ত্রের ১১(খ) ধারা অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যকাল দুই বছর। এ সময়ের মধ্যে সম্মেলন করতে হবে। নইলে নির্বাহী সংসদের কার্যকারিতা থাকবে না।ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা এ ধারা উল্লেখ করে বলেন, কেন্দ্রীয় কমিটির কার্যকারিতা আর নেই। কাজেই বর্তমান কমিটি অবৈধই বলা যায়। কিন্তু এই অবৈধ কমিটি দিয়েই চলছে ছাত্রলীগ। তাঁরা জেলায় জেলায় কমিটি গঠনের নামে বাণিজ্য করে চলছেন। নতুন কমিটি বা সম্মেলন নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই।ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫(ক) ধারা অনুযায়ী সর্বোচ্চ ২৭ বছর বয়সী যেকোনো শিক্ষার্থী ছাত্রলীগের সদস্য হতে পারবেন। কিন্তু শেখ হাসিনার নির্দেশে ২০০৬ সালে ছাত্রলীগের নেতাদের বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ২৯ বছর করা হয়।কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, শীর্ষস্থানীয় কয়েকজন নেতার যেকোনো মূল্যে পদ আঁকড়ে রাখার মানসিকতার কারণেই ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না। ফলে ভবিষ্যতে নেতৃত্বে আসতে পারেন, ছাত্রলীগের এমন কর্মীদের বয়স পার হয়ে যাচ্ছে। সাড়ে চার বছর আগে যাঁর বয়স ছিল ২৭, এখন তাঁর ৩২। কাজেই আগামী সম্মেলনে যদি ২৯ বছরের বয়সসীমা থাকে, তাহলে নেতৃত্ব নির্বাচন নিয়ে ভয়াবহ সংকট তৈরি হবে।নির্বাচন কমিশনের বর্তমান গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ছাত্রসংগঠনগুলো স্বাধীন। এরা কোনো মূল দলের অংশ নয়। যে কারণে গত ২০ মাসে বিভিন্ন সময়ে সরকারকে বিব্রত করে—এমন অপকর্মের পর মন্ত্রীরা পর্যন্ত বলেছেন, ছাত্রলীগের ব্যাপারে তাঁদের করার কিছু নেই। মূলত এ সুযোগেই ক্ষমতা আঁকড়ে থাকতে আগ্রহী কয়েকজন নেতা চাইছেন, নতুন কমিটি না হয়ে পুরোনো কমিটি দিয়েই সংগঠন চলুক। তবে ছাত্রলীগের অন্যায়-অপকর্মের কারণে গত বছরের ৪ এপ্রিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ ছেড়ে দেন।গত ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ এবং এ ঘটনায় মেধাবী ছাত্র আবুবকরের মৃত্যুর পর ছাত্রলীগ নিয়ে সারা দেশে আবার সমালোচনার ঝড় ওঠে।এ ঘটনার পর আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক—জাহাঙ্গীর কবীর নানক, আহমদ হোসেন ও বি এম মোজাম্মেল হককে ছাত্রলীগকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়। এ তিনজনের কমিটি ছাত্রলীগের ওপর এরই মধ্যে একটি প্রতিবেদন দিয়ে দ্রুত সম্মেলন করে নতুন কমিটি করার পরামর্শ দিয়েছিল বলে জানা যায়। তবে সম্মেলনের কোনো দিনক্ষণ ঠিক হয়নি।ছাত্রলীগের একাধিক নেতা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলোসহ সারা দেশে ছাত্রলীগে এখন চরম বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। সম্মেলন করে নতুন কমিটি না দিলে এ সমস্যার শিগগিরই সমাধানও হবে না।নেতা-কর্মীদের অভিযোগ, একটি লিখিত গঠনতন্ত্র থাকলেও ছাত্রলীগে সেই গঠনতন্ত্রের কোনো চর্চা নেই। সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্রের ৫ নম্বর ধারার (ক) উপধারায় বলা হয়েছে, অনূর্ধ্ব-২৭ বছর বয়সী বাংলাদেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাত্রলীগের প্রাথমিক সদস্য হতে পারবেন। তবে প্রতি শিক্ষাবর্ষে সদস্যপদ নবায়ন করতে হবে। কিন্তু গত তিন বছরে প্রাথমিক সদস্যপদ নবায়ন দূরে থাক, সদস্যপদের ফরমই ছাপা হয়নি। এ ছাড়া গঠনতন্ত্রের ১৫ ধারার (ঙ) উপধারায় বলা হয়েছে, প্রতি দুই মাসে অন্তত একবার কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভা বসবে। কিন্তু কখনোই এসব নিয়মের তোয়াক্কা না করে কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় দুই নেতা সংগঠন চালাচ্ছেন।নেতা-কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটির দুই শীর্ষস্থানীয় নেতা চাইছেন, চলে যাওয়ার আগে যে যেভাবে পারেন টাকা আয় করতে। ফলে তাঁরা এই কমিটি টেনে নিতে চাইছেন। আবার একসময় সম্মেলনের জন্য জোর দাবি জানালেও অনেক নেতা দেখছেন, তাঁদের সামনের সম্মেলনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স নেই। কাজেই তাঁরাও চাইছেন, এই কমিটি যত দিন পারে চলুক। ফলে নতুন কমিটি হচ্ছে না।এসব বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, কমিটি গঠনের নামে বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন। সারা দেশে প্রকৃত ছাত্রদের হাতে ছাত্রলীগের রাজনীতি ফিরিয়ে আনার কাজ চলছে। বেশির ভাগ জেলায় সম্মেলন হয়ে গেছে। যেখানে বাকি আছে, সেসব জেলায় এখন কমিটি গঠনের কাজ চলছে। সেটি শেষ হলেই সম্মেলন করে নতুন কমিটি করা হবে।