হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মো. আসাদুজ্জামান হত্যার ঘটনা কেন্দ্র করে তিন দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। তবে আসাদ হত্যাকারীদের গ্রেপ্তার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের ডাকা লাগাতার অবরোধের কারণে ক্লাস-পরীক্ষা হয়নি। শিক্ষার্থীরাও ক্যাম্পাসে যেতে পারেননি। উল্টো আবাসিক ছাত্রছাত্রীদের অনেককে গতকাল হল ছেড়ে চলে যেতে দেখা গেছে। চট্টগ্রাম শহরের ষোলশহর দুই নম্বর রেলগেটে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচলাইশ থানার একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। পরে ওই এলাকায় পিকেটিং করার সময় পুলিশ চার যুবককে গ্রেপ্তার করে।সূত্র জানায়, ছুটি ছাড়া প্রতিদিন সকালে শহর থেকে দুটি শাটল ট্রেন ক্যাম্পাসে যায়। কিন্তু গতকাল নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে কেবল একটি ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যায়। এ ট্রেনে ছাত্রছাত্রী তেমন ছিলেন না। দুপুরে এ ট্রেনে করে বহু ছাত্রছাত্রী ক্যাম্পাস ছেড়ে যান। ট্রেনে করে যাচ্ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শোভনা শাহমিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতিতে আমি আতঙ্কিত। এ মুহূর্তে আমি বাবা-মায়ের কাছে চলে যেতে চাই। এ জন্য বাড়ি চলে যাচ্ছি।’ খালেদা জিয়া হলের ছাত্রী রাবেয়া আক্তার বলেন, ‘ক্যাম্পাসজুড়ে এখন কেবলই ভয়। আমরা কোথাও যাওয়ার সাহস পাচ্ছি না। তাই বাড়ি চলে যাচ্ছি।’ ছাত্রদের হল ও কটেজগুলোও প্রায়ই খালি হয়ে গেছে। যাঁরা এখনো রয়ে গেছেন তাঁদের বেশির ভাগই শহরে টিউশনি করেন কিংবা খণ্ডকালীন চাকরি করেন। কটেজে বসবাসকারী চারুকলা বিভাগের ছাত্র অলি মাহমুদ বলেন, ‘ছাত্রছাত্রীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাঁরা বুঝতে পারছেন না কী করবেন। এ জন্য অনেকেই বাড়ি চলে গেছেন। যাঁরা আছেন তাঁরাও দল বেঁধে চলাফেরা করেন।’ উপাচার্য আবু ইউসুফ বলেন, ‘পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে। আতঙ্কে ছাত্রছাত্রীরা বাড়ি চলে গেলেও তারা ফিরে আসবে। লক্ষ্যভ্রষ্ট আন্দোলনকারীরা অচিরেই ক্লান্ত হয়ে যাবে।’পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সোয়া ছয়টার দিকে মুখোশপরা একদল যুবক নগরের দুই নম্বর রেলগেটের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বাসে প্রথমে ভাঙচুর চালায়। পরে তারা বাসে আগুন ধরিয়ে দেয়। তবে এ সময় শিক্ষকেরা গাড়িতে ছিলেন না। তাই ভাঙচুর ও অগ্নিকাণ্ডের সময় কেউ হতাহত হননি। নগরের ১৬ নম্বর রেলগেট এলাকায় পিকেটিং করার সময় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন রুবেল পাল, এরশাদ, খুরশিদ আলম ও নিজামুল হক। তাঁদের প্রত্যেকের বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে। তাঁরা ছাত্রলীগের কর্মী কি না তা নিশ্চিত করা যায়নি। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষকদের গাড়ি পোড়ানোর সময় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু আল মামুনকে গতকাল প্রত্যাহার করা হয়েছে। নগর পুলিশ কমিশনার সরাসরি এই শাস্তিমূলক ব্যবস্থা নেন বলে জানা গেছে। নবজ্যোতি খীসা গতকাল ছুটিতে থাকায় মামুন ওসির দায়িত্বে ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ দাবি করেন, ছাত্র নামধারী সন্ত্রাসীরা গানপাউডার দিয়ে গাড়ি জ্বালিয়ে দেয়। তিনি ছাত্রলীগকে দায়ী করে বলেন, এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। ছাত্রলীগের সমালোচনা করে উপাচার্য বলেন, ‘তারা বহুধাবিভক্ত। বিভিন্ন সময় আমার কাছে অন্যায্য দাবি নিয়ে এসেছে। তাদের কোনো দাবিই ছাত্রদের স্বার্থে ছিল না। দাবি মানিনি বলে তারা লক্ষ্যহীন অবরোধ শুরু করেছে।’বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, অবরোধের কারণে বাণিজ্য অনুষদের দুটি বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা বাতিল করা হয়। শিক্ষক-বাস জ্বালিয়ে দেওয়ার পর গতকাল বিশ্ববিদ্যালয়ের কোনো বাস শহর ও ক্যাম্পাসের মধ্যে চলাচল করেনি। তবে পুলিশের পাহারায় সকালে শুধু একটি ট্রেন চলেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও হত্যাকারীদের মদদপুষ্ট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে। উপাচার্যের অভিযোগ প্রসঙ্গে এরশাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেউ বাসে আগুন দেয়নি। মহানগর ছাত্রলীগের কেউ করেছে কি না, আমার জানা নেই। সেখানে কেউ করলে তার দায়দায়িত্ব আমাদের নয়।’ হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের সংখ্যা পাঁচ প্লাটুন থেকে বাড়িয়ে নয় প্লাটুন করা হয়েছে।