ছাত্রলীগের অবরোধ শুরু, শিক্ষকদের বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. আসাদুজ্জামান নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষিত তিন দিন ক্লাস ও পরীক্ষা স্থগিত এবং শাটল ট্রেন বন্ধ রাখার কর্মসূচি গতকাল সোমবার শেষ হয়েছে। আজ মঙ্গলবার থেকে ক্লাস, পরীক্ষা ও শাটল ট্রেন চলাচল শুরু হওয়ার কথা থাকলেও ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির কারণে কোনো ক্লাস বা পরীক্ষা এখনো শুরু হয়নি, সব স্থবির হয়ে আছে। এদিকে কে বা কারা ২ নম্বর ষোলশহরের বায়জিদ বোস্তামি সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিতে আসা একটি বাস পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীরা পাহাড়তলীতে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের লোকোমোটিভ বের করতে দেননি। এ কারণে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বন্দরনগরের শাটল ট্রেন যোগাযোগও বন্ধ রয়েছে।ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ জানান, তাঁরা আসাদের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ শুরু করেছেন। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আকতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাস পুড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এটা কে বা কারা করেছেন সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি। প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগের কর্মী মো. আসাদুজ্জামানের মৃত্যু হয়। এর আগের দিন রাতে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন।এ নিয়ে গত দুই মাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র খুন হলেন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিন চট্টগ্রাম নগরের ষোলশহর রেলস্টেশনে এবং ২৯ মার্চ মার্কেটিং বিভাগের ছাত্র হারুন-অর-রশিদ ওরফে কায়সার হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় খুন হন।