ছাত্রলীগের আটজন অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর ছিদ্দিক হত্যার ১৪ মাস পর মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে ছাত্রলীগের আট নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। অভিযুক্ত আসামিরা হলেন এনামুল হক, সাইদুজ্জামান ফারুক, মনসুর আহমেদ রনি, আবু জাফর মো. সালাম, মফিদুল ইসলাম খান, রকিব উদ্দিন, মেহেদী হাসান ও তৌহিদুল খান তুষার। এঁদের মধ্যে সাইদুজ্জামান ফারুক ছাত্রলীগের এফ রহমান হল শাখার (এখন কমিটি বিলুপ্ত) সভাপতি ছিলেন। বকর হত্যার পর এই কমিটি বিলুপ্ত করা হয়। বাকি আসামিরা সবাই ছাত্রলীগের কর্মী।শাহবাগ থানা পুলিশ গত ২৯ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটির অভিযোগপত্র জমা দেয়। আসামিদের দুজন—ফারুক ও রকিব ঘটনার পরপরই গ্রেপ্তার হন। পরে তাঁরা জামিনে মুক্তি পান। বাকি ছয়জন পুলিশের খাতায় পলাতক আসামি। কিন্তু তাঁদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়মিত দেখা যায়। হলের কক্ষে ছাত্র তোলাকে কেন্দ্র করে গত বছরের ১ ফেব্রুয়ারি এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে পুলিশ হলে অভিযান চালায়। একপর্যায়ে আবু বকর আহত হন। ৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিশ্ববিদ্যালয়-গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, ভারী ভোঁতা বস্তুর আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর বকরের সঙ্গীরা অভিযোগ করেছিলেন, পুলিশের কাঁদানে গ্যাসের শেলের আঘাতে বকরের মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শেষে ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কার করে। আর ছাত্রলীগ এফ রহমান হল কমিটি বিলুপ্ত ঘোষণা করে।পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, মামলার অভিযোগপত্রে তাঁদের মধ্যে আটজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত এই আটজনের মধ্যে চারজনের নাম মামলার এজহারে ছিল না। কিন্তু সেই চারজন বিশ্ববিদ্যালয়ের তদন্তে অভিযুক্ত হন। বকর হত্যার পরপর যে আটজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, তাঁদের মধ্যে দুজন অভিযোগপত্রে আসামি হন। বাকি ছয়জন—মো. জসিম, মো. ফয়সাল, রাজীব, মো. রকি, মো. আলাল ও কায়েসের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি পুলিশ। তাঁরা এফ রহমান হলের সাধারণ শিক্ষার্থী।এজাহারে যাঁদের নাম ছিল: বকর হত্যার ঘটনায় একই হলের ছাত্র ওমর ফারুক বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। মামলার এজাহারে ছাত্রলীগের ১৪ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। তাঁরা হলেন: সাইদুজ্জামান ফারুক (আরবি বিভাগের স্নাতকোত্তর ছাত্র), এনামুল হক (আইন, স্নাতকোত্তর), আসাদুজ্জামান জনি (দর্শন, তৃতীয় বর্ষ), আলম ই জুলহাস (হিসাববিজ্ঞান, তৃতীয় বর্ষ), তৌহিদুল ইসলাম খান (ব্যবস্থাপনা, তৃতীয় বর্ষ), আলমগীর (আইন, দ্বিতীয় বর্ষ), আলমগীর (বাংলা, চতুর্থ বর্ষ), রকিবউদ্দিন (হিসাববিজ্ঞান, তৃতীয় বর্ষ), জসিম (ব্যবস্থাপনা), ফয়সল (লোকপ্রশাসন), কায়েস (ইতিহাস), রাজীব (রাষ্ট্রবিজ্ঞান), রকি ( ইতিহাস) ও আলম। চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি: এজাহারভুক্ত আসামীদের মধ্যে আসাদুজ্জামান জনি ও আলম ই জুলহাসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িক ব্যবস্থা নিয়েছিল। তবে পুলিশি তদন্তে ওই দুজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। অভিযোগপত্রে বলা হয়, ওই দুজন ঘটনার সময় উপস্থিত ছিলেন না। ‘ভাইরাল হেপাটাইটিস’ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে তাঁরা চিকিৎসার কাগজপত্র জমা দিয়েছেন। এ ছাড়া পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা না পাওয়ায় এজাহারভুক্ত আলমগীর নামের দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। মৃত্যুর কারণ অস্পষ্ট: কীসের আঘাতে বা কীভাবে আবু বকরের মৃত্যু হয়েছে, তা মামলার অভিযোগপত্রে স্পষ্ট করে বলা হয়নি। শুধু বলা হয়েছে, ‘আসামীরা রড, লাঠি, হকিস্টিক নিয়ে বেআইনীভাবে দলবদ্ধ হয়ে মারামারি করেছে বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। তাদের এই মারামারিতে বাদীসহ অন্যরা আঘাতপ্রাপ্ত হয় এবং আবু বকর ছিদ্দিক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ‘হাতুড়ি, ইট, মোটা রডের মাথা অথবা শক্ত অন্য কোনো বস্তুর আঘাতে আবু বকরের মৃত্যু হতে পারে। তবে অবস্থাদৃষ্টে ও যতদূর সাক্ষ্যপ্রমাণ কমিটি পেয়েছে, তাতে ওই শক্ত বস্তুর মধ্যে টিয়ারশেলের সম্ভাবনাও আছে।’ তদন্ত প্রতিবেদনে ‘অতএব কী দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে শেষ পর্যন্ত আবু বকর ছিদ্দিকের মৃত্যু ঘটেছে, তা সুনির্দিষ্ট করে বলতে হলে বিশেষজ্ঞদের দ্বারা সময় নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত আবশ্যক’ বলে মন্তব্য করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, তিনি এখনো অভিযোগপত্র দেখেননি। যেসব কারণে উচ্চপর্যায়ের তদন্তের কথা বলা হয়েছিল, তা যদি পুলিশের তদন্তে না আসে, সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিন্তাভাবনা করবে। একই সঙ্গে তিনি এও বলেন, নির্দোষ শিক্ষার্থীরা যেন হেনস্তার শিকার না হন, সেদিকে খেয়াল রাখা হবে।