ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষকদের লাঞ্ছনা ও ক্যাম্পাসে ভাঙচুরে জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে শিক্ষকেরা আজ বুধবার প্রথম দিনের মতো ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন। ফলে আজ বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি।ওই ঘটনায় গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির কাল বৃহস্পতিবার প্রতিবেদন পেশ করার কথা। কিন্তু আজ সন্ধ্যা পর্যন্ত তদন্ত কমিটি কাজ শুরু করেনি বলে জানা গেছে। সন্ধ্যায় ছাত্রলীগের এক নেতাকে পুলিশ আটক করেছে।এদিকে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ও বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলার স্বার্থে প্রক্টরের পদত্যাগের জন্য বেঁধে দেওয়া সময়সীমা (আল্টিমেটাম) আজ প্রত্যাহার করে নিয়েছে ছাত্রলীগ।রোববার ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে সোপর্দ করার জের ধরে ছাত্রলীগের একাংশ রাতে প্রক্টরের বাসার সামনে ভাঙচুর করে। এর প্রতিবাদে সোমবার শিক্ষক সমিতি মৌন মিছিল বের করলে ছাত্রলীগের কর্মীরা কটূক্তি করেন। শিক্ষকেরা সেখান থেকে চার শিক্ষার্থীকে ধরেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। এ নিয়ে ছাত্রলীগের কর্মীরা শিক্ষকদের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন এবং একপর্যায়ে শিক্ষকদের ধাওয়া, তাঁদের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পাঁচ শিক্ষকসহ ২০ জন আহত হন। এ সময় ব্যাপক ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।ওই ঘটনার প্রতিবাদে শিক্ষকেরা আগামী রোববার পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির প্রথম দিনে তাঁরা কালো ব্যাজ ধারণ করে ক্লাস বর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির কারণে প্রশাসনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সামছুল আলম বলেন, যত দিন এদের শাস্তি না হবে, তত দিন পর্যন্ত শিক্ষক সমিতি কালো ব্যাজ ধারণ করবে।গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আবুল খায়ের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। আমাদের সঙ্গে এক বৈঠকে তাঁরা তাঁদের সব দাবিদাওয়া প্রত্যাহারে সম্মত হয়েছেন।’বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুজ্জামান ইমন বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সঙ্গে সমঝোতা হওয়ায় মঙ্গলবারে ঘোষিত দাবিদাওয়া থেকে সরে এসেছে ছাত্রলীগ। প্রক্টরের পদত্যাগের দাবি বাস্তবায়নে দেওয়া সময়সীমাও (আল্টিমেটাম) তুলে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি যে প্রতিবেদন দেবে, আমরা তার প্রতি সম্মান দেখাব।’এদিকে এ ঘটনায় সন্ধ্যার দিকে ছাত্রলীগের এক নেতাকে পুলিশ আটক করেছে। তাঁর নাম হাবিব। সোমবার শিক্ষকেরা যে চারজনকে ধরে পুলিশে সোপর্দ করেছিলেন, হাবিব তাঁদের একজন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যোগাযোগ করা হলে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার আহসান হাবিবকে আটক করার কথা নিশ্চিত করেছেন।