ছাত্রলীগের ইতিহাস আমাদের মাথা উঁচু করেছে (ভিডিও)
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগের ৬৫ বছরের ইতিহাস আমাদের মাথা উঁচু করেছে। অতীতকে বিশ্লেষণ করে ভুলভ্রান্তি স্বীকার ও সেখান থেকে শিক্ষা নিতে হবে। আত্মসমালোচনার মাধ্যমে সাংগঠনিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।’ খবর বাসসের।আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো রক্তের রাজনীতিতে বিশ্বাস করে না। হত্যার রাজনীতি দেশের জনগণ গ্রহণ করবে না। যাঁরা এ ধরনের আচরণ করেন, তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন না।ছাত্রলীগকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে বিদ্বেষ ও আক্রমণের বিষ ফরমালিনের চেয়েও মারাত্মক আকার ধারণ করেছে। রাজনীতিতে সৌজন্যতাবোধ ফিরিয়ে আনতে হবে। আমাদের উন্নয়ন হবে ডিজিটাল। আমাদের আচরণ হতে হবে সংযত।’সমাবেশ শেষে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাহবাগ, মত্স্য ভবন, কাকরাইল, বিজয়নগর, পল্টন মোড়, জিপিও হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বেলুনস ও শান্তির প্রতীক পায়রা ওড়ানো হয়।ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাবেক সভাপতি আবদুল মান্নান, সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, সাবেক সহ-সভাপতি অসিত বরণ বিশ্বাস, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে রাত ১২টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করা হয়।আজ সকাল আটটায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয় বর্ণিল সাজে। আজ সকাল থেকেই নেতা-কর্মীদের আনন্দ-উল্লাস, গানবাজনা আর নাচে গোটা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে উত্সবের আমেজ।১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বঙ্গবন্ধুর হাতে গড়ে ওঠে এই সংগঠনটি।