রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছেন ছাত্রলীগের অপর পক্ষের কর্মীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাসের বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও ভাষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সবুজ সারোয়ারকে মারধর করেন ছাত্রলীগের কর্মী আশীষ, তাকিম, তানিমসহ সাত-আটজন। পরে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যেও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিপুলসংখ্যক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।মারধরের শিকার ছাত্রলীগের কর্মী সবুজ সারোয়ার সাংবাদিকদের জানান, কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই তাঁকে মারধর করা হয়েছে। আধিপত্য বিস্তারের জন্যই তাঁরা এমন ঘটনা ঘটিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা আবু হুসাইন বিপু জানান, ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে সাংগঠনিকভাবে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ক্যাম্পাস বর্তমানে শান্ত রয়েছে। ক্যাম্পাসের পড়ালেখার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান।মতিহার থানার উপপরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।