ক্যাম্পাসে আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে মারধর করেছেন ছাত্রলীগের অপর পক্ষের কর্মীরা। এ সময় ছাত্রলীগের ওই কর্মীরা পুলিশের এক কর্মকর্তাকেও মারধর করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় ছাত্রলীগের চারজন কর্মীকে আটক করেছে পুলিশ।আজ রোববার বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাসের বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ভাষা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সবুজ সারোয়ারকে মারধর করেন ছাত্রলীগের কর্মী আশীষ, তাকিম, তানিমসহ সাত-আটজন। পরে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যেও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিপুলসংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।এদিকে এ ঘটনার পর বিকেল সোয়া তিনটার দিকে ছাত্রলীগের কর্মী আশিষ, তাকিম, আবু সালেহ ও জুয়েল বিশ্ববিদ্যালয়-সংলগ্ন তালাইমারী এলাকায় ‘বৈশাখী’ রেস্টুরেন্টে খেতে যান। খাওয়ার সময় সবুজ সারোয়ার তাঁর সমর্থকদের নিয়ে তাঁদেরকে ধাওয়া করলে তালাইমারী মোড়ে ছাত্রলীগের দুইপক্ষের নেতা-কর্মীরা পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে মতিহার থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশের উপস্থিতিতে সবুজ সারোয়ার তাঁর দলবল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আর অপর পক্ষের কর্মীরা বৈশাখী রেস্টুরেন্টের দরজা বন্ধ করে ভেতরে আশ্রয় নেন। পুলিশ তাঁদের আটকের চেষ্টা করলে তাঁরা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামানকে মারধর করেন। পরে পুলিশ সেখান থেকে আশিষ, তাকিম, আবু সালেহ ও জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায়। এসআই আরিফুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগের কর্মী সবুজ সারোয়ার জানান, কোনো কারণ ছাড়াই কয়েকজন কর্মী তাঁকে পরিকল্পিতভাবে মারধর করেছে। মারধরকারীরা ছাত্রলীগের স্থগিতকৃত কমিটির যুগ্ম সম্পাদক আবু হোসাইন বিপুর সমর্থক বলেও জানান তিনি। ছাত্রলীগের নেতা আবু হোসাইন বিপু জানান, ব্যক্তিগত ঘটনা কেন্দ্র করে তাঁরা নিজেদের মধ্যে মারামারি করেছেন। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। ক্যাম্পাসে বর্তমানে ছাত্রলীগের কোনো কমিটি না থাকায় এ ধরনের ঘটনা ঘটে চলেছে। ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মকাণ্ড গতিশীল করতে দ্রুত কমিটি গঠনেরও জোর দাবি জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, নিজেদের মধ্যে মারামারির ঘটনা দুঃখজনক। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশের ওপর হামলা এবং ক্যাম্পাসে বিশৃঙ্খলার অভিযোগে ছাত্রলীগের চারজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার জের ধরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।