ছাত্রলীগের এক কর্মীর ছুরিকাঘাতে আরেক কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেছেন ছাত্রলীগের অন্য এক কর্মী। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে।আহত কর্মীর নাম জাহিদ হোসেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র।প্রত্যক্ষদর্শীরা বলেন, জাহিদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ফিরোজ হোসেন ওরফে পেরেক ফিরোজ গ্রুপের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে এখন ক্যাম্পাসে ফিরোজ গ্রুপের আধিপত্য কমে যাওয়ায় জাহিদ শরীফুল ইসলাম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হন। এতে ফিরোজ গ্রুপের কর্মীরা ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার রাতে জাহিদকে বিশ্ববিদ্যালয়ের বাইরে নিয়ে পেটান।এ ঘটনায় জাহিদ মামলা করার প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে ফিরোজের নেতৃত্বে ছাত্রলীগের কর্মী নিয়ন, নাহিদসহ আরও কয়েকজন আজ বেলা সাড়ে ১১টার দিকে জাহিদের দুই হাতে, পিঠে এবং মুখে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার স্থগিত হওয়া কমিটির সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসে অনেক দিন ধরে ছাত্রলীগের কমিটি না থাকায় ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন দল ও উপদলে বিভক্ত হয়ে ক্যাম্পাসে বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছেন। তাঁরা অবিলম্বে কমিটি গঠনের দাবি জানান।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।