বিএনপির প্রতিবাদ সভায় বক্তারা
ছাত্রলীগের এক কর্মীর মৃত্যুতেই সরকার দেশকে অস্থিতিশীল করে তুলেছে
রাজশাহীতে ছাত্রলীগের একজন কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে সরকার সারা দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তাঁরা আরও বলেছেন, সরকার যে বিরোধী দলকে দমন করতে চায়, এসব কাজ তারই প্রমাণ।যুবদলের নেতা ও ওয়ার্ড কাউন্সিলর আহাম্মদ হোসেনের হত্যার প্রতিবাদে মুক্তাঙ্গনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির নেতারা এসব কথা বলেন। পুরান ঢাকার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহাম্মদ কয়েক দিন আগে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।সরকার যে ‘অস্থিতিশীল অবস্থা’ সৃষ্টি করেছে জনগণ তা মেনে নেবে না মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, এ অবস্থা চলতে থাকলে সরকারবিরোধী আন্দোলনে নামতে বাধ্য হবে বিরোধী দল। সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় একজন নিরীহ ছাত্রের মৃত্যু নিয়ে সরকারের কোনো মাথাব্যথা দেখা যাচ্ছে না। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন কর্মীর মৃত্যুতে সারা দেশকে অস্থিতিশীল করে রাখা হয়েছে। এ থেকেই বোঝা যায়, এই সরকার শুধু বিরোধী দলকে দমন করার জন্য পরিকল্পনা নিয়েছে। স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যেভাবে দেশ পরিচালিত হয়েছে, এখনো সেই ভাবে চলছে। মানুষ গণতান্ত্রিক অধিকার হারাচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতেই আহাম্মদকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।স্থায়ী কমিটির আরেক সদস্য আ স ম হান্নান শাহও বলেন, ছাত্রলীগের একজন কর্মীর হত্যার ঘটনায় সরকার যে অভিযান শুরু করেছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। সরকার পতনের ডাক এলে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে বলে তাগিদ দেন তিনি। ঢাকার মেয়র ও বিএনপির সহসভাপতি সাদেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ বক্তব্য দেন।