ছাত্রলীগের এক পক্ষের হামলায় সাধারণ ছাত্রসহ ৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের চার কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ শুক্রবার দুপুরে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন রাহাত হোসেন, কুতুব উদ্দিন ভূঁইয়া ও নিহার আহমেদ।ক্যাম্পাস ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে ছাত্রলীগের ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষের কর্মীরা সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) পক্ষের কর্মীদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা কুপিয়ে একজন সাধারণ ছাত্রসহ পাঁচজনকে জখম করেন। তাঁরা হলেন মুজিবুর রহমান, নাজমুল হোসেন, শরীফুল ইসলাম, দীপন চাকমা ও আবদুল মামুন। মামুন সাধারণ ছাত্র।আহত ছাত্রদের মধ্যে মুজিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। হামলার ঘটনায় আজ সন্ধ্যায় মুজিব হাটহাজারী থানায় একটি মামলা করেন। এতে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে শহীদ আবদুর রব ও আলাওল হলের সামনে থেকে তিনজনকে আটক করা হয়।