ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একপক্ষ অপরপক্ষের কর্মীকে দোতলা থেকে ফেলে দিয়েছে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক-সমর্থিত এক কর্মীকে পিটিয়ে আহত করে দোতলা থেকে ফেলে দিয়েছে সভাপতি-সমর্থিত ছাত্রলীগের কর্মীরা।আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম (এসএম) হলে এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রলীগের কর্মীর নাম নাসরুল্লাহ নাসিম। প্রত্যক্ষদর্শী, হল ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলের মতো এসএম হলেও আজ রাতে বিশেষ খাবারের আয়োজন করার কথা ছিল। খাবারে অংশ নেওয়ার জন্য হল প্রশাসনের উদ্যোগে ওই হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সকাল থেকে টোকেন বিতরণ কার্যক্রম শুরু করা হয়।দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবিরের সমর্থক জাহিদ, জহুরুল, মশিউর, তৌফিক ও রুহুল আমিন এসএম হলের সেকশন অফিসার সিদ্দিকুর রহমানের কাছে গিয়ে অতিরিক্ত ১০-১২টি টোকেন দাবি করেন। কিন্তু তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থক ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাসরুল্লাহ নাসিম হলের সেকশন অফিসার সিদ্দিকুর রহমানের কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ নিয়ে ছাত্রলীগের সভাপতির পক্ষের সমর্থকেরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। কথাকাটাকাটির একপর্যায়ে তারা নাসিমকে ওই হলের দোতলায় নিয়ে গিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং পেটে ছুরিকাঘাত করে হলের দোতলা থেকে নিচে ফেলে দেয়। এ ঘটনায় সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়পক্ষের নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা রোধে সংশ্লিষ্ট হলসহ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই হলে তল্লাশি চালিয়ে রুহুল আমিন ও সাঈদ আক্তার নামের ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও এসএস হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দুলাল চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দুজন কর্মীকে আটক করা হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলেও তিনি জানান।