চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও ছাত্রলীগের একটি পক্ষের হামলায় অপর পক্ষের দুজন আহত হয়েছে। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় সড়কে এ ঘটনা ঘটে। এ হামলায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৌমেন দাশ গুরুতর আহত হয়েছেন। অপর আহত হলেন একই বিভাগের আরিফ। সৌমেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় জড়িত থাকার দায়ে পুলিশ সঞ্জয় নামের এক ছাত্রকে আটক করেছে। এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাস সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় এলাকায় শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ‘চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার’-এর (সিএফসি) সদস্যরা ‘ভার্সিটি এক্সপ্রেস’ (ভিএক্স) গ্রুপের দুই সদস্যের ওপর চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ পক্ষ দুটির সদস্যরা মহিউদ্দিন চৌধুরী-সমর্থিত ছাত্রলীগ। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ভিএক্সের সদস্যদের হামলায় সিএফসির তিন সদস্য আহত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আকতার হোসেন দুপুরে প্রথম আলোকে জানান, ছাত্রলীগের একপক্ষের হামলায় অপর পক্ষের দুজন আহত হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে সঞ্জয় নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়।