চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়নি, অবরোধ প্রত্যাহার
ছাত্রলীগের একাংশের অবরোধ, ট্রেন-বাসে হামলা-ভাঙচুর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশ গতকাল সোমবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছে। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেন ও তরী পরিবহনের চলাচল বন্ধ ছিল। গতকাল বিশ্ববিদ্যালয়ে পূর্বনির্ধারিত কোনো পরীক্ষা হয়নি। বিভিন্ন বিভাগে ক্লাস হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।সর্বশেষ খবরে জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রাত নয়টার দিকে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছাত্রলীগের নেতারা অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। বৈঠক শেষে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিন্ডিকেটের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।জানা গেছে, গতকাল অবরোধ চলাকালে সকাল পৌনে আটটায় নিউমার্কেট মোড়ে ও সোয়া আটটায় টাইগার পাস মোড়ে দুটি শিক্ষক-বাসে ভাঙচুর করা হয়। নগরের বালু ছড়া ও জিইসি মোড়ে অবরোধকারীরা তরী পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফরহাদ হোসেন খান দুটি শিক্ষক-বাসে ভাঙচুর করার বিষয়টি নিশ্চিত করেন।ঝাউতলা স্টেশনে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করলে ট্রেনের চালক উত্তম কুমার ভট্টাচার্য এবং সহকারী চালক ইসমাইল হোসেন আহত হন। পরে ট্রেনটি শহরের বটতলী স্টেশনে ফেরত আসে।চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্ম ব্যবস্থাপক মো. শফিক জানান, অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়গামী সব শাটল ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।তবে শিক্ষক-বাস ভাঙচুর ও শাটল ট্রেনে হামলার সঙ্গে অবরোধকারীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আনিসুজ্জামান বলেন, ছাত্রলীগ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সোমবারের নির্ধারিত সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে ক্লাস চালু ছিল।ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে ১১ দিন বন্ধ থাকার পর গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চালু হয়। শনিবার রাতে ছাত্রলীগের একাংশ সোমবার থেকে টানা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। ফলে বিশ্ববিদ্যালয়-পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে ওঠে।প্রশাসন সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অনুষদের ডিন, আবাসিক হলের প্রাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপাচার্য সভাপতিত্ব করেন। বৈঠকে ডিন, প্রাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্যদের সমন্বয়ে ১০ সদস্যের একটি কমিটি করা হয়।বৈঠক শেষে প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ মো. কামরুল হুদা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার জন্য এ কমিটি করা হয়েছে। কমিটির প্রধান হচ্ছেন জীববিজ্ঞান অনুষদের ডিন নুরুল আনোয়ার।