ছাত্রলীগের একাংশের ধর্মঘট, ক্যাম্পাস অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দফা দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে ছাত্রলীগের একাংশ। এতে ক্যাম্পাস অচল হয়ে পড়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা সকালে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে বিশ্ববিদ্যালয়গামী বাসগুলোকে মাঝপথে আটকে দেয়। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-কুষ্টিয়া রুটের বিত্তিপাড়ায় তিনটি বাস ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্ররা। এতে এক ছাত্রী আহত হন।চারটি দাবি হলো বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটি বাতিল, প্রক্টরের পদত্যাগ, গত ৮ জুলাই আটককৃত ছাত্রলীগের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার।আন্দোলনরত ছাত্রলীগের ওই অংশের নেতৃত্বদানকারী সাবেক সভাপতি শেখ শাহানুর আলম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালবে।এ ব্যাপারে ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামসুজ্জামান ওরফে তুহিন বলেন, প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে যারা এ ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদের বিচার হওয়া উচিত।বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক মো. রেজওয়ানুল ইসলাম জানান, আজ সকালে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের গ্যারেজের (গাড়ি রাখার স্থান) সামনে কতিপয় ছাত্র এসে গাড়ি না চালানোর জন্য অনুরোধ করে। গাড়ি কেন চলবে না, জানতে চাইলে ওই ছাত্ররা আন্দোলন চলছে দাবি করে গাড়ি চালাতে বাধা দেয়। পরে সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঝিনাইদহগামী তিনটি গাড়ির চাবি কেড়ে নেয় বলে পরিবহন প্রশাসক নিশ্চিত করেছে।