ছাত্রলীগের একাংশের সহায়তায় তৌহিদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সহপ্রচার সম্পাদক ও নগরের বোয়ালিয়া থানা (উত্তর) ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল মাসুম পুলিশের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের ওপর হামলার ঘটনায় শিবিরের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এতে ছাত্রলীগের একটি অংশেরও সহায়তা রয়েছে বলে দাবি তাঁর। তবে শিবির বলছে, পুলিশ আবদুল্লাহর কাছ থেকে জোর করে এ বিবৃতি আদায় করেছে।গতকাল রোববার দুপুরে নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে আবদুল্লাহকে হাজির করা হয়। সেখানে আবদুল্লাহ দাবি করেন, বিভিন্ন সময় ক্যাম্পাসে শিবিরের বিরুদ্ধে অস্ত্রবাজি করে শিবিরের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন ও সাবেক সহসভাপতি (বর্তমানে কেন্দ্রীয় সদস্য) আখেরুজ্জামান তাকিম। শিবির ছিল সুযোগের অপেক্ষায়। তৌহিদ ও আখেরুজ্জামানের সঙ্গে যাঁরা ঘুরে বেড়াতেন, তাঁদেরই কেউ কেউ শিবিরের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আবদুল্লাহ বলেন, তৌহিদ ও আখেরুজ্জামানের ওপর হামলায় ছাত্রলীগের সঙ্গে শিবিরের শর্ত ছিল, হামলার পর শিবির ক্যাডারদের নিরাপদে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এরপর ছাত্রলীগের দেওয়া তথ্যের ভিত্তিতেই দুজনের ওপর হামলা চালানো হয়। তবে ছাত্রলীগ বা শিবিরের কে কে এ হামলায় অংশ নেন, তা তিনি বলতে রাজি হননি। তিনি দাবি করেন, শিবিরের অনেক নেতা-কর্মী ছাত্রলীগের মধ্যে রয়েছেন।২২ আগস্ট রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুর্বৃত্তরা তৌহিদের ডান হাত ও ডান পায়ের রগ কেটে দেন। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত বছরের ২১ নভেম্বর চোরাগোপ্তা হামলার শিকার হন আখেরুজ্জামান। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁর বাঁ পা ও একটি হাতের রগ কেটে দেওয়া হয়।আবদুল্লাহকে রাজশাহীতে বিভিন্ন সময় জামায়াত-শিবিরের নাশকতার ‘মূল সমন্বয়কারী’ হিসেবে উল্লেখ করে নগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, রাজশাহীতে পুলিশ ও ছাত্রনেতাদের ওপর হামলা এবং প্রায় প্রতিটি নাশকতার সঙ্গে আবদুল্লাহর সম্পৃক্ততা রয়েছে। তাঁর সাংগঠনিক পরিচয় খুব বড় না হলেও সাংগঠনিক ক্ষমতা অনেক শক্তিশালী। তিনি নিজেই রাজশাহী নগরে বিভিন্ন সময় ৬০ থেকে ৭০টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন।আবদুল্লাহ রাজশাহী নগরের উপশহর তেরখাদিয়া পশ্চিম পাড়ার মৃত আবদুর রাজ্জাকের ছেলে। ২০০৭ সাল থেকে তিনি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছেন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিএসসি দ্বিতীয় সেমিস্টারের ছাত্র তিনি।নগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন, ‘আমরা গত এক বছর থেকে তাঁকে (আবদুল্লাহ) ধরার জন্য কঠোর পরিশ্রম করে গেছি। তাঁর পেছনে ছুটে বেড়িয়েছি। অবশেষে তাঁকে গ্রেপ্তার করতে পেরেছি।’শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহা. আশরাফুল আলম, সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহ্ইয়া ও সাংগঠনিক সম্পাদক শোয়েব শাহিরয়ার এক বিবৃতিতে বলেন, ২২ আগস্ট রাতে তেরখাদিয়ার বাসা থেকে আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এখন তাঁকে নিয়ে নতুন নাটক মঞ্চস্থ করার জন্য জোর করে তাঁর কাছ থেকে বিবৃতি নিয়ে তা গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।