ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী গ্রেপ্তার
পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবিরের সশস্ত্র হামলা ও হতাহতের ঘটনায় জড়িত সন্দেহে আজ বুধবার নাসির হোসেন নামের বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে। দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরের মতিহার থানার পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাঁকে গ্রেপ্তার করে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুসতাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি রাতের হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় নাসির হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’ উল্লেখ্য, ওই রাতে ইসলামী ছাত্রশিবিরের কিছু নেতা-কর্মী বিপুলসংখ্যক বহিরাগত ক্যাডার নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীসহ পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায়। হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হন, গুরুতর আহত হন পুলিশসহ ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী।