সলিমুল্লাহ মেডিকেল কলেজ
ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে কমিটি গঠনকে কেন্দ্র করে গতকাল সোমবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালেও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের ছয়জন নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সলিমুল্লাহ কলেজে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধ থাকায় কমিটি গঠন হয়নি। গত বছরের ২৯ ডিসেম্বর দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হলে ঘটনাটি অনেকদূর পর্যন্ত গড়ায়। এ বিরোধের জের ধরে গত বছরের ২৪ অক্টোবরও সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৫জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।জানা গেছে, ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সোমবার রাতে প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের জাভেদ গ্রুপ আরবি গ্রুপের ওপর হামলা চালায়। হামলায় আরবি গ্রুপের আকিব জাহান ও উপল আহত হন। খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। ওই রাতেই পুলিশ ছাত্রাবাসের প্রতিটি কক্ষে তল্লাশি চালায়, তবে পুলিশ সেখান থেকে কোনো কিছু উদ্ধার করতে পারেনি। সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ থাকায় সেখানে কমিটি গঠন হয়নি। কে সভাপতি হবে এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এ নিয়ে এক গ্রুপ অপর গ্রুপকে দোষারোপ করছে।মঙ্গলবার সকাল থেকে ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে দুই ভাগ হয়ে অবস্থান নেন। এ সময় উভয় গ্রুপ শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় কলেজের উপাধ্যক্ষ ডা. সামিউল ইসলাম ধর ধর শব্দ করলে পাশে মোতায়েন থাকা পুলিশ ছাত্রলীগের ছয়জন নেতাকে আটক করে। আটক ছাত্ররা হলেন, জাভেদ গ্রুপের মোহাম্মদ জাভেদ, পান্থ ও সোয়েব এবং আরবি গ্রুপের আতাউল করিম, মিজানুর রহমান ও আশিকুর রহমান। পরে পুলিশ তাঁদের ধরে কোতোয়ালী থানায় নিয়ে যায়।পরে কলেজ কর্তৃপক্ষ একাডেমি কাউন্সিলের এক জরুরি সভা আহ্বান করে। সেখানে দীর্ঘক্ষণ বৈঠকের পর কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তোহর আলীকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, গ্যাস্ট্রোলজি বিভাগের অধ্যাপক স্বপনচন্দ্র ধর, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক সামিয়া তাহমিনা এবং মেডিসিন বিভাগের ডা. হারুন উর রশিদ। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ আজহার প্রথম আলোকে বলেন, দুই দল ছাত্রের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। থানায় আটক হওয়া ছাত্রদের মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে শান্ত পরিবেশ বিরাজ করছে।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে জানান, কলেজের অধ্যক্ষ থানায় এসে ছাত্রদের ছাড়িয়ে নিয়ে যান। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এ ধরনের আশ্বাস দিয়ে অধ্যক্ষ ছাত্রদের ছাড়িয়ে নেন। পরিস্থিতি মোকাবিলার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।