সাত মাস আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়। কিন্তু ওই কমিটি গঠনের পর থেকেই স্বার্থগত দ্বন্দ্ব, অভ্যন্তরীণ কোন্দল, দখলদারিত্ব ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ছোট-বড় এক ডজনের বেশি সংঘর্ষ হয়েছে।এসব কোন্দল ও অভ্যন্তরীণ সংঘর্ষে নিহত হয়েছেন ছাত্রলীগের এক কর্মী, আহত হয়েছেন শতাধিক।গতকাল মঙ্গলবার ঢাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্তে সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে ৮ আগস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত রাখা হয়।বিভিন্ন সময়ে ছাত্রলীগের সৃষ্ট কোন্দল ও বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের সত্যতা নিশ্চিত করে প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।অভ্যন্তরীণ কোন্দল: ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের সর্বশেষ ঘটনা ঘটে ১৫ আগস্ট। ওই দিন বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম (এসএম) হলে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ খাবারের টোকেন সংগ্রহ করার ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের সভাপতি আওয়াল কবিরের পক্ষের সমর্থকেরা নাসরুল্লাহ নাসিম নামের এক ছাত্রকে মারধর ও ছুরিকাঘাত করে ওই হলের দোতলা থেকে নিচে ফেলে দেন। নাসিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সেদিন রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত সোমবার হাসপাতালে নাসিম মারা যান। নাসিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের পক্ষের সমর্থক ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।এর আগে ৭ আগস্ট সিগারেটের ধোঁয়া গায়ে লাগাকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে ক্যাম্পাসে প্রকাশ্যে গুলি, সংঘর্ষ ও সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সভাপতির পক্ষের এক সমর্থক গুলিবিদ্ধসহ আহত হন চারজন। এর পরিপ্রেক্ষিতে পরের দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। এর আগে ১ ও ১৭ জুন এবং ১৮ মার্চ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ছাড়া ২৬ জুন ছাত্রশিবিরের কর্মীদের প্রশ্রয় দেওয়া না-দেওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার স্থানীয় যুবলীগের কর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রলীগের চার কর্মীসহ বিশ্ববিদ্যালয়ের দশজন ছাত্র আহত হন।চাঁদা না দেওয়ায় ১৮ এপ্রিল ছাত্রলীগের পারভেজ নামের এক কর্মী আরেক কর্মী জনকে শহীদ সোহরাওয়ার্দী হলের একটি কক্ষে সিগারেটের আগুন দিয়ে শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দেন। ২৪ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ক্যারম খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফুয়াদ হোসেনকে পিটিয়ে আহত করেন ছাত্রলীগের সভাপতি আওয়াল কবিরের পক্ষের সমর্থক দুই কর্মী। একই দিন নৈতিক স্থলনের খবর ফাঁস করে দেওয়ায় সংগঠনের একাংশ সুহিন বাপ্পি নামের আরেক কর্মীকে পিটিয়ে হল থেকে বের করে দেয়।অন্য দলের সঙ্গে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকদের মারধর: প্রেমঘটিত কারণে ৩ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হন উভয় সংগঠনের তিন কর্মী। একই কারণে ১ এপ্রিল ক্যাম্পাসে এক ছাত্রীকে মারধর করেন ছাত্রলীগের কর্মী কাউসার।গত ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবিরকে হলে ঢুকতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মর্ত্তুজা খালিদকে লাঞ্ছিত করা হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা সে সময় হলে ব্যাপক ভাঙচুর করেন। ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুসতাক আহমেদ, প্রথম আলোর রাজশাহীর আলোকচিত্রী আজাহার উদ্দিনসহ আটজন সাংবাদিক গুরুতর আহত হন।তা ছাড়া সম্প্রতি ছাত্রলীগের নেতা-কর্মীদের কক্ষে ভালো মানের খাবার পরিবেশন না করার ‘অপরাধে’ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক ডাইনিং কর্মচারীকে পিটিয়ে আহত করার পাশাপাশি ওই ডাইনিং কর্মচারীকে হল ছাড়ার জন্য সময়সীমা বেঁধে দেন হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা।শিক্ষক, ছাত্রলীগের নেতা ও প্রশাসনের বক্তব্য: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি মলয় ভৌমিক বলেন, ‘ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল, সংঘর্ষ, চাঁদাবাজিসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কারণে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ছাত্রলীগের এহেন সন্ত্রাসী ও নেতিবাচক কর্মকাণ্ড অবিলম্বে রোধ করা না গেলে তা সরকারসহ সবার জন্যই অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।’সার্বিক ব্যাপারে স্থগিত ঘোষিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির বলেন, ছাত্রলীগের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার ও ভুল বোঝাবুঝি হয়ে ইতিপূর্বে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত তা সাংগঠনিকভাবে মীমাংসা করা হয়েছে। ছাত্রলীগের কর্মী নাসিমের মৃত্যুর বিষয়ে আওয়াল কবির বলেন, যাঁরা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, তাঁরা ছাত্রলীগের কেউ নন। তাঁদের সঙ্গে সাংগঠনিকভাবে ছাত্রলীগের কিংবা ব্যক্তিগতভাবে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ৭ আগস্ট ক্যাম্পাসে সংঘর্ষ ও হামলার ঘটনায় করা মামলায় বর্তমানে জেলহাজতে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত আছেন উল্লেখ করে ক্যাম্পাস-সংলগ্ন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে করা মামলায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদ মাজেদুল ইসলামসহ কয়েকজন কর্মীকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।