ছাত্রলীগের কমিটিতে স্থান না পাওয়ায় ব্যাপক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ায় গত সোমবার রাতে চাঁদপুর শহরে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন পদপ্রত্যাশী নেতা আবদুল কাদের জিলানী ও তাঁর সমর্থকেরা।জিলানী ও তাঁর লোকজন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলামের বাড়িতে হামলা চালান। পরে তাঁরা শহরের অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুর করেন।এ দিকে জাহিদুলের বাড়িতে হামলার প্রতিবাদে তাঁর সমর্থকেরাও ব্যাপক ভাঙচুর চালান। ঘণ্টা খানেকের মধ্যে ছাত্রলীগের এই দুই পক্ষ শহরের প্রায় অর্ধশত ব্যবসা-প্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুর করেন।ভাঙচুরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১২টা থেকে তিনটা পর্যন্ত চাঁদপুর শহরের দোকান মালিক সমিতি ধর্মঘট পালন করে। এ সময় শহরের শপথ চত্বরে সমাবেশ করেন ব্যবসায়ীরা।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সোমবার রাত ১০টার দিকে শহরের হাজী মুহসীন রোডের ছায়াবাণী এলাকা থেকে ছাত্রলীগের নেতা জিলানীর নেতৃত্বে শতাধিক যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হন। তাঁরা লেকের পাড় দিয়ে দুই পাশের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করতে করতে শহরের কালীবাড়ির দিকে এগিয়ে যান। তাঁরা পথে সিএনজিচালিত অটোরিকশা, অটোবাইকসহ সামনে যা পেয়েছেন, তা-ই ভাঙচুর করেছেন। এরপর তাঁরা কালীবাড়ি মোড়ে গিয়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেন। সেখান থেকে জোড়পুকুরপাড় হয়ে আদালতপাড়ায় নতুনবাজার পুলিশ ফাঁড়ির সামনে ছাত্রলীগের সাবেক নেতা ও আয়কর উকিল জাহিদুলের বাসায় হামলা ও ভাঙচুর চালান। জিলানী ও তাঁর সমর্থকেরা পরে নতুনবাজারের দিকে চলে যান।প্রায় ঘণ্টাব্যাপী ছাত্রলীগের এ পক্ষের তাণ্ডবের পরপরই জাহিদুলের সমর্থকেরা দ্রুত আদালতপাড়ায় এসে জড়ো হন। তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেগম মসজিদের সামনে দিয়ে নতুনবাজার হয়ে ছায়াবাণী মোড় পর্যন্ত যান। ভাঙচুর করেন প্রিমিয়ার হাসপাতাল, জিলানীর বাসাসহ বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন। এ সময় পুলিশকে অনেকটা অসহায়ত্ব প্রকাশ করতে দেখা যায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পিছু হটতে দেখা গেছে। ছাত্রলীগের দুই পক্ষের তাণ্ডব চলাকালে ব্যবসায়ীরা দোকানপাট দ্রুত বন্ধ করে দেন। শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।ছাত্রলীগের নেতা আবদুল কাদের জিলানী বলেন, ছাত্রলীগের সাবেক নেতা জাহিদুল তাঁকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে রাখার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এর কোনোটাই না করার প্রতিবাদ জানাতে তিনি সোমবার রাতে জাহিদুলের বাসায় যান। কিন্তু সেখান থেকে তাঁদের ধাওয়া করা হয়। কে ভাঙচুর চালিয়েছে, তা তিনি জানেন না।ছাত্রলীগের সাবেক নেতা জাহিদুল বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল যুবক যে কর্মকাণ্ড চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। বিষয়টি জেলা আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে।’চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবদুল মোতালেব জানান, ছাত্রলীগের নেতা জিলানী, রবিনসহ কয়েকজনকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিতে জেলা পর্যায় থেকে সুপারিশসহ কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়। ২২০ সদস্যবিশিষ্ট ওই কমিটি সোমবার রাতে ঘোষণা করা হলেও সেখানে ঠাঁই হয়নি ওই দুজন ছাত্রনেতার। এতে জেলার নেতাদের কোনো হাত ছিল না।চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন মজুমদার সাংবাদিকদের বলেন, পুলিশ পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় কেউ মামলা করেনি। তাই কাউকে গ্রেপ্তারও করা হয়নি।