ছাত্রলীগের কর্মী সমাবেশে কোন্দল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার দুপুরে শাখা ছাত্রলীগের কর্মী সমাবেশ ছিল। কিন্তু সেখানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মুখোমুখি অবস্থান নেওয়ার ঘটনা ঘটে।কর্মী সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের প্রায় ১৫ জন নেতা উপস্থিত থেকে বক্তব্য দেন। কিন্তু সমাবেশ শুরুর আগেই দুপুর সাড়ে ১২টার দিকে হঠাত্ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মী সমাবেশ উপলক্ষে আলমগীর টিপু-সমর্থিত বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মীরা রেলস্টেশন চত্বরে শোডাউন দিলে সভাপতি মামুনুল হক-সমর্থিত ভিএক্স গ্রুপের নেতা-কর্মীরা উসকানি দেন। এ নিয়ে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এর রেশ ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও মুখোমুখি অবস্থান নেয় উভয় পক্ষ। ইতিমধ্যেই কর্মী সমাবেশে যোগ দিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে সংগঠনটির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে উভয় পক্ষই শান্ত হয়ে কর্মী সমাবেশে যোগ দেয়।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক জ্যেষ্ঠ নেতা প্রথম আলো ডটকমকে বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সামনেই নিজেদের ক্ষমতা জাহির করতে পরিকল্পিতভাবেই এক পক্ষ আরেক পক্ষকে উসকানি দিয়ে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করেছে। এর ফলে কেন্দ্রীয় নেতাদের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মান ক্ষুণ্ন হয়েছে। এর দায় তাঁদেরকেই নিতে হবে।’তবে ছাত্রলীগের সভাপতি মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু দুই বন্ধুর মধ্যে একটু কথা-কাটাকাটি হয়েছিল বলে জানান।